Salman Ali Agha run out: বল দিতে গিয়েই বিপদ! বিতর্কিতভাবে রান আউট হয়ে ক্ষোভে ফেটে পড়লেন পাকিস্তান তারকা আঘা, রইল ভিডিও
BAN vs PAK: ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাট করার সময়। ম্যাচের ৩৯তম ওভারে রান আউট হন সলমন আলি আঘা। তাঁর রান আউটের ধরন নিয়েই যত চর্চা।

ঢাকা: ওপার বাংলার রাজধানী ঢাকার মীরপুরে আজ বাংলাদেশ ও পাকিস্তান (Bangladesh vs Pakistan) তিন ম্যাচের সিরিজ়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছিল। সেই ম্যাচেই পাকিস্তানের তারকা অলরাউন্ডার সলমন আলি আঘাকে কেন্দ্র করে এমন কিছু ঘটল যা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। ফের একবার ক্রিকেটের ‘স্পিরিট’ নিয়ে উঠছে প্রশ্ন।
কী এমন ঘটেছে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে? ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাট করার সময়। ম্যাচের ৩৯তম ওভার চলছে, পাকিস্তানের স্কোর দু’শোর গণ্ডি পার করে গিয়েছে। ক্রিজে তখন দুই সেট ব্যাটার মহম্মদ রিজওয়ান এবং সলমন আলি আঘা (Salman Ali Agha) উপস্থিত। রিজওয়ান অর্ধশতরানের পথে অগ্রসর, আর আঘা হাফসেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। পার্টনারশিপও শতরান পার করেছে। পাকিস্তান শেষ ১০ ওভারে বড় রান করার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এমন সময়ই বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের এক বল সোজা ব্যাটে মিড অনের দিকে ঠেলে দেন রিজওয়ান। দৌড়ে বল ধরতে যান মিরাজ, অপরদিকে আঘাও ক্রিজে ঢুকতে মরিয়া। তাই প্রথমে দুইজনে খানিকটা ধাক্কাধাক্কি করেন। তারপরে আঘা নিজেই বল তুলে দিতে যাচ্ছিলেন মিরাজের হাতে। তবে মিরাজ হাতে বল পেয়েই উইকেট ভেঙে দেন। তখন ক্রিজের বাইরেই ছিলেন আঘা। তৃতীয় আম্পায়ার তাই রিপ্লে দেখে আঘাকে রান আউট ঘোষণা করেন।
সাজঘরে ফেরার পথে রাগে গজগজ করতে করতে হেলমেট, দস্তানা ছুঁড়ে ফেলে দেন আঘা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন আঘা। মিরাজের সঙ্গে তাঁকে খানিকটা তর্কতর্কিও করতে দেখা যায়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী আঘা আউটই ছিলেন। মিরাজ আপিল ফিরিয়ে না নেওয়ায় আঘাকে শেষমেশ ৬৪ রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। তবে এই রান আউটটা অনেকেই ক্রিকেটের স্পিরিটের বিরোধী বলে মনে করছেন এবং সেই কারণেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা, সমালোচনা।
Crucial moment! Mehidy Hasan Miraz removes Salman Agha with a brilliant run-out. ⚡🏏#BCB #Cricket #Bangladesh #Pakistan #ODI pic.twitter.com/N0inKkZVwz
— Bangladesh Cricket (@BCBtigers) March 13, 2026
আঘা আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। ৪৩ রানের ব্যবধানে বাকি ছয় উইকেট হারিয়ে ২৭৪ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান।



















