Sourav On Gambhir: আরও কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হবে গম্ভীরকে? সতর্কবার্তায় কী বললেন সৌরভ?
Indian Cricket Team: ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তখনও কোচ ছিলেন গম্ভীর। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল।

মুম্বই: কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেডকোচ হিসেবে ইতিহাস গড়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) জিতেছেন তিনি। ভারতের একমাত্র কোচ যিনি দুটো আইসিসি ট্রফি জয়ের নজির গড়েছেন। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তখনও কোচ ছিলেন গম্ভীর। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে গম্ভীরের কোচিংয়ে ভারতীয় দল।
তবে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে কোচ হিসেবে সাফল্য পেলেও গম্ভীরের আসল চ্যালেঞ্জ এখনও অপেক্ষা করছে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ যে আরও কঠিন পরীক্ষার মুখে ফেলবে গম্ভীরকে। বিশেষ করে লাল বলের ফর্ম্য়াটে গম্ভীরের পারফরম্য়ান্স আরও ভাল করা প্রয়োজ বলে মনে করেন সৌরভ। লাল বলের ফর্ম্যাটে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজ হারতে হয়েছিল গম্ভীরের কোচিংয়ে ভারতকে। সৌরভ বলছেন, ''লাল বলের ফর্ম্যাটে কোচ হিসেবে আরও ভাল পারফর্ম করতে হবে। উইকেট নিয়ে ভাবাটা বন্ধ করতে হবে। নিজেদের দলে যারা রয়েছে, তাদের থেকে সেরা খেলা বের করে আনতে হবে। তারা যেন উইকেট পায়, সেই রাস্তাটা তৈরি করতে হবে। ইংল্য়ান্ড সিরিজের দিকে তাকালেই দেখা যাবে, উইকেট নিয়ে কিছুই করতে পারেনি গম্ভীর। ঘরের মাঠে তো টার্নিং উইকেটে খেলার দরকার নেই। ভাল উইকেটই ভাল ফল দেবে।''
যদিও এরপরই গম্ভীরের প্রশংসাও শোনা গেল মহারাজের মুখে। তিনি বলছেন, ''গৌতম দুর্দান্ত একজন কোচ। আমি বর্ডার গাওস্কর ট্রফির আগেই বলেছিলাম যে একজনকে কোচ হিসেবে কিছুটা সময় দেওয়া উচিৎ। ও সাদা বলের ফর্ম্য়াটে তো দারুণ কোচ অবশ্যই, এছাড়াও ওর হাতে দারুণ একটা দল রয়েছে।''
কিছুদিন আগেই কোচ গৌতম গম্ভীর ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হনুমা মন্দিরে গিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জেতার পর। যা নিয়ে সমালোচনা করছিলেন কীর্তি আজাদ। তিনি যে কীর্তি আজাদের কথায় আমল দিচ্ছেন না, তা ফের একবার প্রমাণ করে দিলেন গম্ভীর। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর গুরুদ্বারে গিয়ে পুজো দিলেন। টি-২০ বিশ্বকাপ নিয়ে মন্দিরে পুজো দিতে নিয়ে যাওয়া নিয়ে বিতর্কের মাঝেই গুরুদ্বারে প্রার্থনা করতে গেলেন গম্ভীর। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ ট্রফি মন্দিরে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন।



















