Sourav on Imran Khan: গাওস্করদের পথেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ও ইমরান খানের সঠিক চিকিৎসার দাবিতে সুর চড়ালেন
Imran Khan Health: বহুদিন ধরে জেলবন্দি ইমরান খান অসুস্থ এবং তাঁর এক চোখ নাকি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে বলে দাবি করা হচ্ছে।

নয়াদিল্লি: দুই বছর ধরে পাকিস্তানের জেলেই বন্দি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা দেশের বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান (Imran Khan)। ক্রমেই তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিবারের সঙ্গেও দীর্ঘদিন দেখা করতে দেওয়া হয়নি ইমরান খানকে। দাবি করা হচ্ছে ইমরান অসুস্থ এবং তাঁর এক চোখ নাকি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ইমরানের ছেলেরা তাঁকে মানসিক নির্যাতনের দাবি তুলেছেন। মাঝে তো তাঁর মৃত্যুর খবরও সামনে আসছিল। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ইমরান খানকে নিয়ে উদ্বেগ বাড়ছে।
সদ্যই এক রিপোর্টে জানানো হয়েছে ইয়ান চ্যাপেল, গ্রেগ চ্যাপেল, সুনীল গাওস্কর, কপিল দেব, নাসের হুসেন, ডেভিড গাওয়ার, ক্লাইভ লয়েডের মতো ১৪জন কিংবদন্তি অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্র শেহবাজ শেরিফকে এক চিঠি পাঠিয়েছেন। সেখানে ইমরান খানকে ক্রিকেটের প্রতি এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা মাথায় রেখে তাঁকে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সঙ্গে যেন ট্রিট করা হয় এবং চিকিৎসার বন্দোবস্ত করা হয়, তা অনুরোধ করা হয়েছে। এবার ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) একই সুরে ইমরানের সঠিক শুশ্রূষার দাবি জানিয়েছেন।
১৪ জন প্রাক্তন অধিনায়কের ইমরানের জন্য উদ্বেগ প্রকাশ পাঠানোর চিঠির বিষয়ে সৌরভকে এক ইভেন্টে প্রশ্ন করা হয়। প্রাক্তন ভারতীয় অধিনায়ক একেবারে সাফ জানিয়ে দেন যে সঠিক কাজই করা হয়েছে এবং তিনি পাকিস্তানি সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ইমরানের শুশ্রূষা করার আবেদন করেন।
সৌরভ বলেন, 'ওঁরা সঠিক কাজই করেছেন। আশা করি ওঁর (ইমরানের) স্বাস্থ্যের উন্নতি হবে এবং সঠিক চিকিৎসা পাবেন। ওঁ বিশ্বের দরবারে পাকিস্তানকে প্রথমে ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে এবং পরে প্রধানমন্ত্রী হিসাবে মুখ উজ্জ্বল করেছে। তাই ওঁকে যত্ন করাই উচিত, আমি আশা করি এমনটা হবে।'এর আগে প্রাক্তন পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার ওয়াকার ইউনিস এবং ওয়াসিম আক্রম ও শোয়েব আখতার ইমরান খানকে চিকিৎসা দেওয়ার বন্দোবস্ত করার আবেদন জানিয়েছিলেন।
সুনীল গাওস্করদের তরফে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, 'তাঁর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক প্রতিবেদন - বিশেষ করে হেফাজতে থাকাকালীন তাঁর দৃষ্টিশক্তির উদ্বেগজনক অবনতি - এবং গত আড়াই বছর ধরে তাঁর কারাবাসের অবস্থা আমাদের গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ক্রিকেটে ইমরান খানের অবদান সর্বজনীনভাবে প্রশংসিত। অধিনায়ক হিসেবে, তিনি পাকিস্তানকে ঐতিহাসিক ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন - দক্ষতা, স্থিতিস্থাপকতা, নেতৃত্ব এবং ক্রীড়ানুরাগী মনোভাবের উপর ভিত্তি করে তৈরি এই জয় যা সীমান্তের ওপারে প্রজন্মকে অনুপ্রাণিত করেছিল। আমাদের অনেকেই তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাঁর সঙ্গে মাঠে নেমেছি, অথবা তাঁর অলরাউন্ডার প্রতিভা, ক্যারিশ্মা এবং প্রতিযোগিতামূলক মনোভাবকে আদর্শ করে বড় হয়েছি। তিনি এখনও এই খেলার অন্যতম সেরা অলরাউন্ডার এবং অধিনায়কদের একজন। খেলোয়াড়, ভক্ত এবং প্রশাসক উভয়ের কাছ থেকে সম্মান অর্জন করেছেন।'
এবার পাকিস্তান সরকারের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার বিষয় হতে চলেছে।




















