Syed Musthaq Ali Trophy: কামব্যাকে হার্দিকের ম্য়াচ জেতানো ইনিংস, সরফরাজ, বৈভবের শতরান, ঈশানের ৯৩ রানে জয় ঝাড়খণ্ডের
Hardik Pandya: একেবারে শেষ পর্যন্ত টিকে থেকে দলের জয়ও সুনিশ্চিত করেন হার্দিক পাণ্ড্য। ৪২ বলে ৭৭ রানের তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও চারটি ছক্কায়।

নয়াদিল্লি: সেই এশিয়া কাপে তাঁকে শেষবার ভারতের হয়ে খেলতে দেখা গিয়েছিল। তারপর থেকে চোটের কারণে তিনি মাঠের বাইরেই ছিলেন। অবশেষে মাঠে ফিরলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), আর ফিরেই বঢোদরার হয়ে ম্য়াচ জেতানো খেললেন। অপরদিকে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Musthaq Ali Trophy) একইদিনে শতরান হাঁকালেন সরফরাজ খান (Sarfaraz Khan), বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi)। ঈশান কিষাণ (Ishan Kishan) অল্পের জন্য় সেঞ্চুরি হাতছাড়া করলেও, তাঁর দল ঝাড়খণ্ড দুরন্ত জয় পেল।
হায়দরাবাদের মাঠে আজ বঢোদরা সেই পাঞ্জাব দলের মুখোমুখি হয়েছিল যারা গত ম্য়াচেই বাংলার বিরুদ্ধে ৩০০-র অধিক রান বোর্ডে তুলেছিল। সেই ম্যাচের সেঞ্চুরিয়ন অভিষেক শর্মা আজও বঢোদরার বিরুদ্ধে দুরন্ত ব্য়াটিং করেন। মাত্র ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। আনমোলপ্রীত সিংহের ৬৯ এবং নমন ধীরের ৩৯ রানের ইনিংসে ভর করে পাঞ্জাব এদিন ৩০০ না করলেও, আট উইকেটে ২২২ রান বোর্ডে তোলে। সামনে বিরাট রানের লক্ষ্য, তাও যেন একেবারে হেলায় পাঁচ বল ও সাত উইকেট হাতে রেখে পাঞ্জাব হারাল বঢোদরা। সৌজন্যে অবশ্যই হার্দিক পাণ্ড্য।
বল হাতে তিনি ৫২ রানের বিনিময়ে মাত্র এক উইকেট নিয়েছিলেন। তবে ব্যাট হাতে সেই পরিচিত ছন্দে দেখা গেল পাণ্ড্যকে। বঢোদরার টপ অর্ডার দলের হয়ে শুরুটা ভালই করেছিল। তবে শেষটা করেন হার্দিক। এদিন চার নম্বরে ব্যাট করতে নেমে তিনি শুধু অর্ধশতরানই হাঁকান না, একেবারে শেষ পর্যন্ত টিকে থেকে দলের জয়ও সুনিশ্চিত করেন। ৪২ বলে ৭৭ রানের তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার ও চারটি ছক্কায়। নিজের ফর্ম এবং ফিটনেস প্রমাণ করার পর আশা করা যায় হার্দিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে জাতীয় দলে নিজের কামব্যাক ঘটাবেন।
তবে সরফরাজ খান আপাতত জাতীয় দলে কিন্তু ব্রাত্যই। গত আইপিএলে তিনি দলও পাননি। তবে সেই হিসেবনিকেশ বদলে ফেলতে যেন বদ্ধপরিকর সরফরাজ। অসমের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমে এদিন কেরিয়ারের প্রথম টি-টোয়েন্টি শতরান হাঁকান সরফরাজ। ৪৭ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর দৌলতেই মুম্বই ৯৮ রানের বিরাট ব্যবধানে অসমকে দুরমুশ করে। অসম অধিনায়ক রিয়ান পরাগ তো এদিন খাতাই খুলতে পারননি।
অপরদিকে, ভারতীয় দলে ব্রাত্য আরেক ক্রিকেটার ঈশান কিষাণও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দে। গত ম্য়াচে দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন তিনি এদিন সাত রানের জন্য় শতরান হাতছাড়া করলেন। তবে ৫০ বলে তাঁর ৯৩ রানের ইনিংসে ভর করে ঝাড়খণ্ড ৮৪ রানে সৌরাষ্ট্রকে হারাল। বৈভব সূর্যবংশীও আজই কনিষ্ঠতম ব্যাটার হিসাবে মুস্তাক আলিতে শতরান হাঁকিয়ে ইতিহাস গড়েন। তবে তা সত্ত্বেও ইডেনে তাঁর দল বিহার মহারাষ্ট্রের বিরুদ্ধে পরাজিতই হল। মহারাষ্ট্রের হয়ে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতালেন পৃথ্বী শ।




















