Abhishek Sharma: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেও ব্যর্থ অভিষেক, ফের অফস্পিনারের শিকার ভারতীয় ওপেনার
India vs England Semi Final: বিশ্বকাপের সেমিফাইনালে সাত বলে নয় রান করে আউট হন অভিষেক শর্মা।

মুম্বই: চলতি বিশ্বকাপে অভিষেক শর্মা (Abhishek Sharma) আসলেই অফ স্পিনারকে বলে আন, এটা কার্যত এক রীতি হয়ে গিয়েছে। বিশ্বকাপের সেমিফাইনালেও (India vs England Semi Final) তেমনটাই হল। আর ফের একবার একই ফাঁদে পা দিলেন ভারতীয় ওপেনার।
আজ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। সেই ম্যাচে প্রথম ওভারে স্ট্রাইক নেন সঞ্জু স্যামসন। তাঁর বিরুদ্ধে জোফ্রা আর্চার বল হাতে ইনিংস শুরু করেন। কিন্তু দ্বিতীয় ওভারেই উইল জ্যাকসের হাতে বল তুলে দেন ইংল্যান্ড অধিনায়ক হ্য়ারি ব্রুক। সাফল্য পেতে অপেক্ষা করতে হল মাত্র ছয় বল। ওভারের শেষ বলে বড় শট হাঁকাতে গিয়েছিলেন অভিষেক। তবে ব্যাটে বলে সঠিকভাবে সংযোগই ঘটাতে পারেননি তিনি।
মিড উইকেটে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে তাঁকে সাজঘরে ফিরতে হয়। এই বিশ্বকাপে অভিষেককে যে অফস্পিনারদের বিরুদ্ধে বেশ বেগ পেতে হয়েছে, তা পরিসংখ্যানই স্পষ্ট করে দিচ্ছে। মোট পাঁচ ইনিংসে অভিষেক অফস্পিনারদের বিরুদ্ধে ২৭ বল খেলেছেন। তাতে তাঁর সংগ্রহ মাত্র ২৯ রান। স্ট্রাইক রেট মাত্র ১০৭.৪০ ও গড় ৯.৬৬। এই পরিসংখ্যানই ছবিটা স্পষ্ট করে দিচ্ছে।
সম্ভবত অভিষেক নিজেও অফ স্পিনারের বিরুদ্ধে তাঁর বেগ পাওয়ার বিষয়টায় অবগত। কারণ মঙ্গলবার অভিষেক ভারতীয় অনুশীলন অফস্পিনারের বিরুদ্ধে অনুশীলন করছিলেন। তাঁকে তিলক বর্মারাও বোলিং করেন। ম্যাচের আগে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলও অভিষেকের ওপর আস্থা রেখেছিলেন।
সঞ্জু স্যামসন উদাহরণ দিয়ে মর্কেল দাবি করেন যে অভিষেকও শীঘ্রই ফর্মে ফিরবেন। প্রাক ম্য়াচ সাংবাদিক সম্মেলনে ভারতের বোলিং কোচ বলেন, 'ক্রিকেটে অনেক সময়ই অনেকের কঠিন সময় যায়। সঞ্জুর ক্ষেত্রেও পরিস্থিতিটা কিন্তু অনেকটা একইরকম ছিল। কেরিয়ারে অনেক সময়ই ক্রিকেটারদের এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় এবং সত্যি বলতে এর মাধ্যমে ওর উন্নতিই হচ্ছে। একজন তরুণ ক্রিকেটারের জন্য এটা তার ভবিষ্যতের জন্য মন্দ হয়। এতে ওর আর ভারতীয় ক্রিকেটের আখেরে ভালই হবে।'
তবে তা সত্ত্বেও সেমিফাইনালে সেই অফস্পিনারেরই শিকার হলেন অভিষেক। মর্কেলের ভরসার দাম দিতে পারলেন না তিনি। ভারতীয় দল ফাইনালে পৌঁছলে সেক্ষেত্রে অভিষেককে নিয়ে টিম ম্যানেজমেন্টের সামনে বড় প্রশ্ন থাকবে।



















