T20 World Cup 2026: হুডখোলা বাসে বিশ্বকাপজয়ী ট্রফি নিয়ে প্যারেডে কি অংশ নেবেন সূর্যরা? কোথায়, কবে তা হবে?
Indian Cricket Team: ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জয়, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময়ও এই ছবিটা দেখা গিয়েছে।

মুম্বই: গোটা দেশ এখন সেলিব্রেশন মুডে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) জিতেছে। ঘরের মাঠে বিশ্বের প্রথম দল হিসেবে এই কৃতিত্ব অর্জন। আমদাবাদে ইতিহাস গড়েছেন হার্দিক, শিবম, অভিষেক, বুমরারার। আইসিসি ট্রফি জিতলেই ওপেন বাসে ট্রফি নিয়ে প্যারেড, এটা নতুন নয় ভারতীয় ক্রিকেটে। ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়, ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জয়, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময়ও এই ছবিটা দেখা গিয়েছে। এবার কি আদৌ তেমন সেলিব্রেশনের দেখা মিলবে? সূর্যকুমার ও তাঁর দল ট্রফি হাতে ওপেন বাসে প্যারেডে অংশ নেবেন?
শেষবার এমনটা হয়েছিল ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর। সেই অনুষ্ঠানের মাত্রা আরও বেড়ে গিয়েছিল, কারণ ওই মেগা টুর্নামেন্টের পরই বিরাট কোহলি ও রোহিত শর্মা কুড়ির ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। বার্বাডোজে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর ওয়াংখেড়েতে নায়কদের বরণ করে নেওয়া হয়েছিল। এরপর বাসে করে গোটা দল প্যারেডে অংশ নিয়েছিল। কিন্তু এবার?
এখনও পর্যন্ত এই বিষয়ে বিসিসিআইয়ের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। আদৌ এমনভাবে সেলিব্রেশন হবে কি না, তা নিয়েও কোনও কানাঘুষো শোনা যায়নি। তবে যদিও বা হয়, মুম্বই কিন্তু এগিয়ে এই বিষয়ে। কারণ ২০০৭ ও ২০২৪ দুবারই মুম্বইয়েই এই সেলিব্রেশন হয়েছিল। তবে এগুলো হওয়ার আগে হয়ত নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবে ভারতীয় দল।
তবে বিসিসিআইকে ভাবাবে চিন্নাস্বামীতে ঘটে যাওয়া গত বছরের দুর্ঘটনার ছবি। গত মরশুমেই প্রথমবার আইপিএল খেতাব জিতেছিল আরসিবি। রজত পাতিদারের নেতৃত্বে এই খেতাব জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপর গত বছরের ৪ জুন এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সেলিব্রেশন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল প্রচুর মানুষ। সেই অনুষ্ঠানেই ভিড় সামলাতে ব্যর্থ হয় প্রশাসন ও আয়োজকরা। ১১ জন পদপিষ্ট হয়ে মারা যান ও প্রায় ৫০ জন আহত হন। এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন প্যারেডে সাধারণ মানুষের সংখ্যাটা আরও বাড়বে। পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারাটাই কিন্তু বেশ চ্যালেঞ্জের হয়ে উঠবে আয়োজক শহরের প্রশাসনের পক্ষে।
উল্লেখ্য, গত ৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৬ রানের বিরাট ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। গৌতম গম্ভীরের কোচিংয়ে এই নিয়ে দ্বিতীয়বার কোনও আইসিসি ট্রফি জিতল টিম ইন্ডিয়া। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।



















