T20 World Cup 2026: পুরনো দুই প্রতিপক্ষের রুদ্ধশ্বাস লড়াইয়ের অপেক্ষায় ইডেন, ইংল্যান্ডের বিরুদ্ধে স্কটিশদের চমক?
T20 World Cup: স্কটিশদের সুবিধা বলতে, ইডেনে ইতিমধ্যেই ম্যাচ খেলে ফেলেছে তাঁরা। পিচ ও পরিবেশ চেনা। ইংল্যান্ড শনিবারই প্রথম খেলবে। চমক দিতে পারে স্কটল্যান্ড?

সন্দীপ সরকার, কলকাতা: প্রত্যেক স্কটিশদের স্বপ্ন থাকে ইংরেজদের স্বপ্নভঙ্গ ঘটানো...
শুক্রবার বিকেলে ইডেন গার্ডেন্সের তিনতলার কনফারেন্স রুমে বসে ফিল সল্ট যখন কথাগুলো বলছিলেন, তখন ইতিউতি চোখ চাওয়া-চাওয়ি শুরু হল। বলছেন কী ইংল্যান্ডের তারকা! প্রতিপক্ষদের নিয়ে এমন নিরস মন্তব্য, এমন পেশাদারিত্বের মোড়কে তিক্ত অভিজ্ঞতার কথা সচরাচর কাউকে বলতে দেখা কিংবা শোনা যায় না।
তবে ইংরেজ ক্রিকেটার যে খুব একটা ভুল বলেননি, বরং ক্রিকেট মাঠে সাফল্যের নিরিখে ডেভিড বনাম গোলিয়াথের লড়াই মনে হলেও স্কটল্যান্ড বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী মার্কা মানসিকতা নিয়ে ইংল্যান্ডের মোকাবিলা করবে, পরের কয়েক ঘণ্টায় দুই শিবিরের প্রস্তুতি আর শরীরী ভাষা দেখে টের পাওয়া গেল।
ইডেন গার্ডেন্সে কার্যত গায়ে গায়ে প্রস্তুতি সারল দুই দল। স্কটিশরা একটু আগে। দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ইংল্যান্ড একটু পরে। বিকেল সাড়ে চারটে থেকে রাত প্রায় সাড়ে আটটা পর্যন্ত। কিন্তু দুই দলের ক্রিকেটারদের খুব বেশি করমর্দন, খোশগল্প করতে দেখা গেল না। আড্ডা বা ফটোসেশন গায়েব। বরং দুই শিবিরে প্রতিদ্বন্দ্বিতার চোরাস্রোত। দেখলে কে বলবে যে, এই দুই দেশের অনেক ক্রিকেটার কাউন্টি চ্যাম্পিয়নশিপে কাঁধে কাঁধ মিলিয়ে একই দলের হয়ে লড়েন।
ইতিহাস বলছে, আন্তর্জাতিক মঞ্চে প্রথম ফুটবল ম্যাচ হয়েছিল ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে। রাগবিতে দুই দেশের দ্বৈরথ শতাব্দী প্রাচীন। ১৮৭১ সালে দুই দেশ প্রথম রাগবি ম্যাচ খেলেছিল। সেই থেকেই রেষারেষি। ক্যালকাটা কাপ ঘিরে এখনও প্রত্যেক বছর মারমার-কাটকাট লড়াই চলে। পরে ক্রিকেটেও সেই ধারা অব্যাহত।
শুনলে অবাক হতে হয় যে, টি-২০ ক্রিকেটে এর আগে একবারই ইংল্যান্ড ও স্কটল্যান্ড দল মুখোমুখি হয়েছিল। তবে ব্রিজটাউনে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। ২০১৮ সালে এডিনবরায় একমাত্র ওয়ান ডে ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছিল স্কটল্যান্ড। শনিবার কী হবে?
টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দুবারের চ্যাম্পিয়ন। অথচ এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আগের ম্য়াচেই পরাজয় হজম করেছে। অন্যদিকে স্কটিশরা ইতালিকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে। জ়িম্বাবোয়ে শুক্রবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চলতি টুর্নামেন্টে প্রথম অঘটন ঘটিয়েছে। এবার কি স্কটল্যান্ডের পালা?
স্কটিশ অধিনায়ক বেরিংটন আগেই বলেছেন, 'স্কটল্যান্ড ও ইংল্যান্ড দুই দলের দ্বৈরথের লম্বা ইতিহাস রয়েছে। তবে শনিবার উত্তেজক লড়াই হবে। ওই একই দিনে রাগবিতেও দুই দেশ মুখোমুখি হচ্ছ। দুই ম্যাচই আমাদের জেতার সুযোগ রয়েছে।'
স্কটিশদের সুবিধা বলতে, ইডেনে ইতিমধ্যেই ম্যাচ খেলে ফেলেছে তাঁরা। পিচ ও পরিবেশ চেনা। ইংল্যান্ড শনিবারই প্রথম খেলবে। চমক দিতে পারে স্কটল্যান্ড?




















