IND vs NAM: ব্যাটে বলে নায়ক হার্দিক, নজর কাড়লেন ঈশান, বরুণ, পাকিস্তান ম্যাচপূর্বে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়
Hardik Pandya: নামিবিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ৫২ রান করার পাশাপাশি বল হাতে দুই উইকেট তুলে নেন হার্দিক পাণ্ড্য।

নয়াদিল্লি: খাতায়, কলমে লড়াইটা সবসময়ই অসম বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। ম্যাচে হলও তাই। রাজধানীতে নামিবিয়াকে (India vs Namibia) হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। শুধু হারাল বললে ভুল হবে, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে রেকর্ড ব্যবধানে জয় পেল টিম ইন্ডিয়া। ভারতের ২০৯ রানের জবাবে ১১৬ রানেই শেষ হয়ে গেল নামিবিয়ার ইনিংস। ব্যাট হাতে অর্ধশতরান হাঁকানোর পর বলেও দুই উইকেট নিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।
এদিন আফগানিস্তান শুরুটা কিন্তু দুরন্তভাবে করেছিল। পাওয়ার প্লেতেই ৫৭ রান তুলে ফেলে তাঁরা। অর্শদীপ সিংহ জান ফ্রাইলিঙ্ককে ২২ রানে ফেরান বটে, তবে লরেন স্টিনক্যাম্পের দৌলতে হু হু করে রান উঠছিল। অবশ্য বল হাতে নিয়েই ম্যাচের মোড় ভারতের দিকে ঘুরিয়ে দেন বরুণ। প্রমাণ করে দেন কেন তিনি আইসিসির ব়্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার। স্পেলের প্রথম বলেই স্টিনক্য়াম্পকে ২৯ রানে ফেরান তিনি। নিজের পরের ওভারেই লফটি-ইটন ও জেডে স্মিটকেও আউট করেন বরুণ চক্রবর্তী।
এরপরে দলের সবথেকে অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক জেরহার্ড ইরাসমাসকে ১৩ রানে আউট করেন অক্ষর পটেল। ৮৬ রানে দুই থেকে ৮৮ রানে পাঁচ উইকেট হয়ে যায় নামিবিয়ার। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি নামিবিয়া। নিরন্তর ব্যবধানে উইকেট হারাতে থাকে নামিবিয়া। পরপর দুই বলে শল্টস ও শিকঙ্গোকে ফেরান হার্দিক। শেষমেশ জেন গ্রিনও শিবম দুবের বলে হিট উইকেটে আউট হলে ১১৬ রানে শেষ হয় নামিবিয়ার ইনিংস। ৯৩ রানে ম্যাচ জেতে ভারত। এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সব থেকে বড় জয়।
এর আগে প্রথম ইনিংসে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিল ভারত। ম্যাচের শুরুটা দুরন্তভাবে হয়েছিল, শেষটাও ভালই হওয়ার কথা ছিল। তবে নামিবিয়ার দুরন্ত বোলিংয়ে শেষলগ্নে একগুচ্ছ উইকেট হারায় ভারত। শেষ ১১ বলে পড়ে ৫ উইকেট। তা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ২০৯ রান তোলে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ঈশান কিষাণ এবং হার্দিক পাণ্ড্য অর্ধশতরান হাঁকান। ঈশান সর্বাধিক ৬১ রানের ইনিংস খেলেন, হার্দিক করেন ৫২ রান। তবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে কেউই তেমন বড় রান পাননি। তাতেও অবশ্য ম্যাচ জিততে ভারতের একেবারেই সমস্যা হল না।




















