IND vs PAK: 'আমি যতদূর দেখলাম...' পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মার খেলা নিয়ে বড় আপডেট দিলেন বরুণ চক্রবর্তী
T20 World Cup 2026: ভারতের সঙ্গে পাকিস্তান ম্যাচের জন্য নিঃসন্দেহেই কলম্বোয় সফর করবেন অভিষেক শর্মা।

নয়াদিল্লি: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খানিকটা হোঁচট খেলেও, নামিবিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) নিজেদের দুরন্ত দৌড় বজায় রেখেছে ভারত। প্রথম দল হিসাবে বিশের বিশ্বকাপে নাগাড়ে ১০ ম্যাচে অপরাজিত টিম ইন্ডিয়া। তবে ১১তম ম্যাচে তাদের প্রতিপক্ষ, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (IND vs PAK)। সেই ম্যাচের আগে ভারতের উদ্বেগ অভিষেক শর্মাকে (Abhishek Sharma) নিয়ে।
তারকা ভারতীয় ওপেনার বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসির ব়্যাঙ্কিংয়ের নিরিখে)। কিন্তু বিশ্বকাপের মাঝেই পেটের সমস্য়ায় কাবু অভিষেক। পেটের সমস্যার জেরেই তিনি হাসপাতালে দিন দু'য়েক ছিলেন বলে পিটিআইয়ের রিপোর্টে দাবি করা হচ্ছে। নামিবিয়া ম্যাচে মাঠে উপস্থিত থাকলেও অভিষেক ম্যাচ খেলেননি। একই রিপোর্ট অনুযায়ী তিনি বৃহস্পতিবার অনুশীলনও করেননি। দিন দু'য়েক পরেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। সেই ম্যাচের আগে অভিষেকের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ভারতীয় সমর্থকরা। বর্তমানে তিনি কেমন আছেন সেই বিষয়ে জানালেন সতীর্থ বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
গতকাল নামিবিয়া ম্যাচে টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও অভিষেকের শারীরিক অবস্থার আপডেট দেন। তিনি জানান, 'অভিষেক এখনও ফিট নয়। ও এক বা দুই ম্য়াচে খেলতে পারবে না।' ভারতীয় অধিনায়কের এই মন্তব্যের পরেই অভিষেকের পাক ম্যাচ খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে বরুণ ম্যাচশেষে জানান, 'আমি যতদূর দেখেলাম, কথা বলে বুঝলাম, ওকে ঠিকঠাকই দেখাচ্ছে। আজও তো খানিকটা সময় অনুশীলন করেছে ও। আমায় জানিয়েছে ও সম্পূর্ণ ফিট হওয়ার পথে।'
পিটিআইয়ের রিপোর্টে যা দাবি করা হচ্ছে সেই অনুযায়ী পেটের সমস্যায় অভিষেকের ওজন সামান্য কমেছে। গুরুতর পেটের অসুখ সারিয়ে উঠতে খানিকটা সময় লাগে। তাই হাসপাতাল থেকে ছাড়া পেলেও দুর্বল থাকা অভিষেক নামিবিয়ার বিরুদ্ধে ম্য়াচ খেলতে পারেননি। তিনি পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দলের সঙ্গে কলম্বোয় সফর করবেন। অভিষেক কলম্বোতে যদি ঠিকঠাক অনুশীলন করতে পারেন, তাহলেই তিনি পাকিস্তান ম্যাচে খেলবেন। তাঁর ফিটনেস প্রমাণিত হবে অনুশীলন দেখেই।
সাধারণত অভিষেক ভারতীয় নেটে বেশ অনেকটা সময় ব্যাট করেন। তিন, চার ঘণ্টার অনুশীলন হলে অভিষেক নেটে একাধিক রাউন্ডে মোটামুটি ৭৫ থেকে ৯০ মিনিট ব্যাট করেন। তিনি যদি পাকিস্তান ম্য়াচের আগে স্বাভাবিকভাবেই এই সময় কোনও অসুবিধা ছাড়াই ব্যাট করতে পারেন, তাহলে তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন থাকবে না বলেই আশা করা যায়।




















