IND vs PAK: সপ্তাহান্তে ভারত-পাক মহারণ, কলম্বোয় কার রেকর্ড কেমন? প্রেমদাসায় দুই দলের শেষ ম্যাচে কী হয়েছিল?
India VS Pakistan: এর আগে কলম্বোতে ভারত ও পাকিস্তান একবার একে অপরের মুখোমুখি হয়েছে।

কলম্বো: মেগা সানডেতে ধুন্ধুমার। কলম্বোতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। আর প্রেমদাসায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ২২ গজের মহারণ শুরু হওয়ার প্রহর গুনছেন ক্রিকেটপ্রেমীরা। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সবথেকে হাইভোল্টেজ ম্যাচের আগে একবার পিছন ফিরে দেখে নেওয়া যাক।
চলতি মেগা টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান, উভয় দলই ইতিমধ্যে দুই ম্যাচ খেলে দুই ম্যাচই জিতেছে। আজকের ম্যাচে জয়ী দল কিন্তু সুপার এইটে এক পা বাড়িয়েই রাখবে। উল্লেখ্য বিষয় হল প্রেমদাসা স্টেডিয়ামে কিন্তু ভারত বনাম পাকিস্তানের টি-টোয়েন্টি দ্বৈরথ এই প্রথম নয়। এর আগে এই মাঠে দুই দল বিশ ওভারের ফর্ম্যাটে একবার মুখোমুখি হয়েছিল, তাও আবার বিশ্বকাপেই। ১৪ বছর আগে ২০১২ সালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই ম্যাচে ভারত হেসেখেলে জয় পেয়েছিল।
মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল সেই ম্য়াচে পাকিস্তানকে মাত্র ১২৮ রানেই বেঁধে রাখতে সক্ষম হয়। জবাবে বিরাট কোহলি দুরন্ত ৭৮ রানের ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসে ভর করেই ভারতীয় দল সেই ম্যাচ আট উইকেট হাতে রেখে ১৮ বল বাকি থাকতেই জিতে যায়। সেই ম্যাচের পর আজকে আবারও এক বিশ্বকাপে দুই দল ওই মাঠেই মুখোমুখি হচ্ছে।
Next stop in the #T20WorldCup ⏳
— BCCI (@BCCI) February 14, 2026
📍 Colombo
💻 https://t.co/hIL8Vefajg
📱 Official BCCI App#TeamIndia | #MenInBlue pic.twitter.com/lRZ4gvs3aM
এই মাঠে কিন্তু ভারতীয় দলের রেকর্ডও এমনিতে বেশ ভাল। ভারত ২০০৯ সাল থেকে প্রেমদাসায় ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১১টি ম্যাচ শেষেই ভারত জয়ের হাসি হেসেছে। এই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। বাকি তিনটি পরাজয়ই আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে। পাকিস্তানের রেকর্ডও এই মাঠে খুবই ভাল। এই মাঠে সাত ম্যাচ খেলে পাকিস্তান পাঁচটি ম্য়াচে জয় পেয়েছে। প্রেমদাসায় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষদের পরাজিত করেছে পাকিস্তান।
তবে এই মাঠে পাকিস্তান প্রায় এক দশক কোনও ম্যাচ খেলেনি। এই বিষয়টা পাক দলের ক্ষেত্রে খানিকটা চাপের হলেও হতে পারে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। সুপার সানডেতে এক টানটান ম্যাচ দেখারই কিন্তু আশায় রয়েছেন সকল ক্রিকেটপ্রেমী। এবার অপেক্ষা ২২ গজে বল গড়ানোর।




















