T20 World Cup: অভিষেকের পর শিবমও গোল্ডেন ডাক, পাওয়ার প্লে-তে ৪ উইকেট হারিয়ে চাপে মেন ইন ব্লু
Indian Cricket Team: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাওয়ার প্লে-তেই চাপে পড়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।

মুম্বই: ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযানের শুরুটা এমন হবে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি ভারতীয় সমর্থকরা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ আমেরিকার (USA) বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ভারত (India)। টপ অর্ডারের ব্যর্থতায় প্রথম ৬ ওভার অর্থাৎ পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে গিয়েছেন ৪ জন প্রথম সারির ব্যাটার। তার মধ্যে ওপেনার অভিষেক শর্মা ও শিবম দুবে ফিরলেন গোল্ডেন ডাকে।
আমেরিকার দুর্দান্ত বোলিং, চাপে ভারত
ম্যাচের শুরু থেকেই আমেরিকার পেসাররা ওয়াংখেড়ের পিচ থেকে বাড়তি সুবিধা আদায় করে নিতে শুরু করেন। বিশেষ করে মুম্বইয়ের ঘরের ছেলে সৌরভ নেত্রাভালকর তাঁর চেনা পরিবেশে শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের অস্বস্তিতে ফেলেন। নিখুঁত লাইন এবং লেংথের সামনে দিশেহারা দেখিয়েছে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইনআপকে।
পাওয়ার প্লে-র মধ্যে কারা ফিরলেন প্যাভিলিয়নে?
৬ ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ভারতের চার টপ অর্ডার ব্যাটার, অভিষেক শর্মা, ঈশান কিষান, তিলক বর্মা ও শিবম দুবে। ব্যাটিংয়ে এই ধস ভারতীয় শিবিরের চিন্তা বেশ কয়েক গুণ বাড়িয়ে দিল।
পাওয়ার প্লে অবধি যে উইকেট হারিয়েছে ভারত, তাতে কোন ব্যাটার করেছেন কত রান?
অভিষেক শর্মা শূন্যে ফেরেন। তাঁর উইকেট নেন আলি খান। এরপর ঈশান কিষান ফেরেন ১৬ বলে ২০ রানে। তারপর তিলক বর্মা ফেরেন ১৬ বলে ২৫ রানে। আর অভিষেকের মতো শিবম দুবেও ফেরেন শূন্যে। ঈশান, তিলক ও শিবমের উইকেট নেন ফান স্কলউইক।
আরও পড়ুন - যশপ্রীত বুমরাকে ছাড়াই টি-২০ বিশ্বকাপ সফর শুরু করছে মেন ইন ব্লু, কেন খেলছেন না বুম বুম বুমরা?
সূর্যকুমার কি দলকে কাঙ্খিত জায়গায় পৌঁছে দিতে পারবেন?
বর্তমানে দলের হাল ধরার চেষ্টা করছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ঘরের মাঠে তাঁর ব্যাটের দিকেই এখন তাকিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সূর্য যদি অধিনায়োকচিত একটা ইনিংস খেলেন, তা হলে আমেরিকাকে ভাল টার্গেট দিতে পারবে ভারত। এবার পাওয়ার প্লে-র এমন ধাক্কা সামলে ভারত কতদূর এগোতে পারে, এখন সেটাই বড় প্রশ্ন। গ্যালারি ভর্তি ভারতীয় ক্রিকেট প্রেমীরা এখন একটি বড় পার্টনারশিপের অপেক্ষায় রয়েছেন।




















