T20 World Cup 2026: বাকি দুই ম্যাচের একটিতে হেরে গেলেও সেমিফাইনালে পৌঁছতে পারে ভারত? নেপথ্যে অঙ্কের ম্য়াজিক!
India Qualification Scenario: অঙ্ক বলছে, এই গ্রপ থেকে সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা থাকছে সব দলের সামনেই। এমনকী, বাকি দুই ম্যাচের একটিতে হারলেও সেমিফাইনালে যেতে পারে ভারত!

চেন্নাই: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইট পর্ব জমে উঠেছে। গ্রুপ টু-র ছবি অনেকটাই স্পষ্ট। যেখান থেকে সেমিফাইনালের টিকিট কনফার্ম করে ফেলেছে ইংল্যান্ড। বাকি একটি জায়গার জন্য লড়াই তিন দলের। বুধবার শ্রীলঙ্কা বনাম নিউজ়িল্যান্ড ম্যাচের পর ছবি অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।
তবে সুপার এইটের গ্রুপ ওয়ানে জমজমাট লড়াই। ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। জ়িম্বাবোয়েকে তার চেয়েও বড় ব্যবধানে হারিয়ে শীর্ষ স্থান ছিনিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। অঙ্ক বলছে, এই গ্রপ থেকে সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা থাকছে সব দলের সামনেই। এমনকী, বাকি দুই ম্যাচের একটিতে হারলেও সেমিফাইনালে যেতে পারে ভারত! কী বলছে অঙ্ক?
ভারত
খেলেছে : ১ ম্য়াচ
পয়েন্ট : ০
বাকি : ২ ম্যাচ
নেট রান রেট : -৩.৮০
ম্যাচ বাকি - জ়িম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ়
- ভারত যদি বাকি দুই ম্যাচই জেতে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও বাকি দুই ম্যাচ জেতে, তাহলে সূর্যকুমার যাদবদের সেমিফাইনালে খেলা নিশ্চিত। দক্ষিণ আফ্রিকা পরের দুটি ম্যাচ হারলেও ভারতের শেষ চার পাকা। দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজ়কে হারায় আর জ়িম্বাবোয়ের কাছে হেরে যায়, তাহলেও নেট রান রেটে এগিয়ে থাকলে ভারত সেমিফাইনালে চলে যাবে।
- দক্ষিণ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজ়কে হারায় ও জ়িম্বাবোয়ের কাছে হেরে যায়, তখন দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ় ও ভারত (দুটি ম্যাচেই জিতবে ধরে নিয়ে) - তিন দলের খাতাতেই থাকবে চার পয়েন্ট করে। সেক্ষেত্রে বিচার্য হবে নেট রান রেট। ধরা যাক ভারত বৃহস্পতিবার জ়িম্বাবোয়েকে ৬০ রানে হারাল, নিজেরা প্রথমে ব্যাট করে ১৮০ রান তোলার পর। ওয়েস্ট ইন্ডিজ় যদি দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারায়, দক্ষিণ আফ্রিকা জ়িম্বাবোয়েকে যে ব্যবধানেই হারাক না কেন, ভারতকে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে ৬৪ রানে হারাতেই হবে (প্রথমে ব্যাট করে অন্তত ১৮০ রান তুলে)। সেক্ষেত্রে সেমিফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা ও ভারত।
- যদি দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে ৪০ রানে হেরে যায় এবং জ়িম্বাবোয়েকে ১ রানে হারায়, তাহলে ওয়েস্ট ইন্ডিজ়কে ৫৪ রানে হারালেই সেমিফাইনালে চলে যাবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে তাদের সঙ্গে যাবে ওয়েস্ট ইন্ডিজ়।
- ভারত যদি বাকি দুই ম্যাচের একটি জেতে ও একটিতে হারে? সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজ় - যে কোনও একটি দলকে সব ম্যাচ জিততে হবে। বাকি তিন দলই সেক্ষেত্রে একটি করে ম্যাচ জিতবে। নেট রান রেটে এগিয়ে থাকলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে ভারতের।
- যদি দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচই জিতে সেমিফাইনালে চলে যায় আর ভারত, ওয়েস্ট ইন্ডিজ় ও জ়িম্বাবোয়ে সেমিফাইনালে একটি জায়গার জন্য লড়াই করে? ভারত যদি জ়িম্বাবোয়ের কাছে ১ রানে হেরে যায় আর ওয়েস্ট ইন্ডিজ় দক্ষিণ আফ্রিকার কাছে ৫০ রানে হেরে যায়, সেক্ষেত্রে সূর্যকুমারদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে ৬৭ রানে হারাতে হবে।
- ওয়েস্ট ইন্ডিজ় যদি তিন ম্যাচই জেতে, ভারতকে যদি ১ রানে হারায়, আর দক্ষিণ আফ্রিকা বাকি দুই ম্যাচ ৫০ ও ২০ রানে হেরে যায়, তাহলে জ়িম্বাবোয়েকে ৮৪ রানে হারালে রান রেটে এগিয়ে থেকে সেমিফাইনালে যাবে ভারত।




















