IND vs PAK: অভিষেককে স্লগার তকমা, আমিরকে পাল্টা দিলেন হরভজন, ভারত বনাম পাকিস্তান ম্যাচপূর্বে তুঙ্গে বাকযুদ্ধ
India VS Pakistan: ভারত- পাকিস্তানের ম্যাচপূর্বে মহম্মদ আমির অভিষেককে স্লগার বলে দাবি করেন।

কলম্বো: ভারত বনাম পাকিস্তানের ম্যাচ (India vs Pakistan) হবে আর মাঠের বাইরে তর্ক-বিতর্ক হবে না, এমনটাও কি সম্ভব! স্বাভাবিকভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের আগেও শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ। ভারতীয় দলের গেমচেঞ্জারদের অন্যতম তথা বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার (আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী) অভিষেক শর্মাকে (Abhishek Sharma) 'স্লগার' বলে দাবি করেন মহম্মদ আমির (Mohammad Amir)। পাক প্রাক্তনীর এই মন্তব্যের জন্য তাঁকে পাল্টা দিলেন হরভজন সিংহ (Harbhajan singh)।
পাকিস্তানের এক টিভি শোতে ভারত বনাম পাকিস্তানের ম্যাচের পর্যালোচনা করতে গিয়ে আমির ভারতের তারকা ওপেনারকে স্লগারের তকমা দেন। জবাবে হরভজন কিন্তু জানিয়ে দিলেন অভিষেক একজন দক্ষ ব্যাটার এবং তিনি একেবারেই চোখ বুজে ব্যাট ঘোরান না। হরভজন বলেন, 'অভিষেক শর্মা একজন কমপ্লিট ক্রিকেটার। ও একার দমে ম্যাচ জেতাতে দক্ষ। আর এক ম্য়াচ নয়, ম্যাচের পর ম্যাচ ও এমনটা করেত পারে। আমি তো ক্রিকেটটা খেলেছি, তাই জানি ও একজন ব্যাটার যার কাছে সব ধরনের শট রয়েছে। অনেকের তো সব শট খেলার দক্ষতা থাকে না। স্লগার তো তারা যারা অন্ধভাবে ব্যাট ঘোরায়। তাতে লাগলে লাগল, না লাগলেও ঠিক আছে। ও তো তেমন নয়, ও প্রথম বলেও মারতে পারে এবং যতক্ষণ ক্রিজে থাকে ততক্ষণ ব্যাটারদের মতোই মারতে থাকে।'
ভারতীয় কিংবদন্তি আরও যোগ করেন, 'লোকজন তো যা খুশি বলতেই পারে। আমার মতে ওরা তো এমন একজন ব্যাটারের বিরুদ্ধে কোনওদিন বোলিং করেনি, তাই অভিষেককে স্লগার বলাটা ভুল। আমি অভিষেককে বলব এতদিন আমাদের যা দেখিয়েছে আবারও সেই খেলাটাই দেখাও। প্রমাণ করে দাও অভিষেক কী করতে পারে। আর ও যদি সেট হয়ে লম্বা সময় খেলতে পারে, তাহলে ভারত বড় রান তুলবে।'
এই ম্যাচের আগে পাকিস্তানের নতুন স্পিনার উসমান তারিককে নিয়ে আলোচনার অন্ত। ইতিমধ্যেই নিজের বোলিংয়ে শোরগোল ফেলে দিয়েছেন উসমান। তবে পাকিস্তানের স্পিনারের বিরুদ্ধে অভিষেক ভারতের অস্ত্র হয়ে উঠতে পারেন বলেই ধারণা। 'এর আগে যার বিরুদ্ধে খেলোনি, তাঁকে প্রথমবার খেলতে নামলে একটু বুঝেশুনে খেলতে হবে। ভারতের ওকে সামলে খেলতে হবে এবং উইকেট দেওয়া চলবে না। অভিষেকের ফেরাটা ভাল বিষয়। ও তো স্পিনটা ভাল খেলে এবং দাপটের সঙ্গে গোটা ইনিংস ব্যাট করে।' মত হরভজনের। এবার অপেক্ষা শুধু খেলা শুরুর।




















