India vs Pakistan: বয়কটের হুমকি দিয়েছিল, ভারতের বিরুদ্ধে মাঠে নেমে নাক কাটা গেল পাকিস্তানের, টি-২০ বিশ্বকাপে ৮-১!
T20 World Cup 2026: ভারতের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে বিপর্যস্ত পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে কলম্বোয় ৬১ রানে পরাজয় হজম করতে হল সলমন আলি আঘা, বাবর আজমদের।

কলম্বো: ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাতিল করার প্রতিবাদে। যদিও পরে আইসিসি-র চাপে পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়।
তবে বয়কটের রাস্তা থেকে সরে নাক কাটা গেল পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে বিপর্যস্ত পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে কলম্বোয় ৬১ রানে পরাজয় হজম করতে হল সলমন আলি আঘা, বাবর আজমদের। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ৮-১ এগিয়ে গেল ভারত।
এশিয়া কাপের সময় ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব খোঁচা দিয়েছিলেন, ভারত-পাক দ্বৈরথকে আর 'দ্য গ্রেটেস্ট রাইভালরি' বলার জায়গাই নেই। এতটাই আধিপত্য রয়েছে এখন ভারতের। এশিয়া কাপে তিনবারের সাক্ষাতে তিনবারই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। টি-২০ বিশ্বকাপেও ছবিটা পাল্টাল না।
যদিও কলম্বোয় বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে কৌশলগত চমক দিয়েছিলেন সলমন আঘা। নিজেই প্রথম ওভার বল করতে এসে ঘূর্ণিতে তুলে নিয়েছিলেন অভিষেক শর্মাকে। কোনও রান না করে ফিরেছিলেন টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার।
কিন্তু পাল্টা মারের রাস্তা নেন ঈশান কিষাণ। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি। ৪০ বলে ৭৭ রান করে পাকিস্তান বোলারদের আতঙ্ক হয়ে ওঠেন ঝাড়খণ্ডের তরুণ। ভারতকে আটকাতে ছয় স্পিনার ব্যবহার করেছিল পাকিস্তান। এর আগে টি-২০ বিশ্বকাপে কোনও দল ছয় স্পিনারকে ব্যবহার করেনি। সেদিক থেকে নজির গড়ল পাকিস্তান। পাক স্পিনাররা উইকেট তুললেও, রেকর্ড গড়ল ভারতও। ২০ ওভারে ভারত তোলে ১৭৫/৭। আইসিসি আয়োজিত কোনও টি-২০ টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচে এটাই দলগত সর্বোচ্চ স্কোর।
রেকর্ড রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় পাকিস্তান। প্রথম ওভারেই শাহিবজাদা ফারহানকে তুলে নেন হার্দিক পাণ্ড্য। পরের ওভারে যশপ্রীত বুমরা ছিলেন বুম বুম ছন্দে। পরপর তুলে নেন সঈম আয়ুব ও সলমন আলি আঘাকে। বাবর আজমকে ফেরান অক্ষর পটেল। পাওয়ার প্লে-র ৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ছিল ৩৮/৪। দেওয়াল লিখন তখনই পড়া যাচ্ছিল।
শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানে অল আউট হয়ে গেল পাকিস্তান। যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল ও বরুণ চক্রবর্তী নিলেন ২টি করে উইকেট। এই জয়ের ফলে সুপার এইটে জায়গা পাকা করে ফেলল ভারত।




















