India vs Pakistan: এশিয়া কাপ অতীত, ভারতকে মাঠেই জবাব দেবে পাকিস্তান! হুঁশিয়ারি বাবর-সলমনদের ছোটবেলার কোচের
T20 World Cup 2026 India vs Pakistan: এক কোচের হাতে গড়া দুই ক্রিকেটার একসঙ্গে জাতীয় দলে খেলছেন, প্রতিপক্ষের সামনে সবচেয়ে বড় কাঁটা হিসাবে হাজির হচ্ছেন, বিশ্ব ক্রিকেটে এরকম নজির খুব বিরল। হাতে গোনা।

সন্দীপ সরকার, কলকাতা: এক কোচের হাতে গড়া দুই ক্রিকেটার একসঙ্গে জাতীয় দলে খেলছেন, প্রতিপক্ষের সামনে সবচেয়ে বড় কাঁটা হিসাবে হাজির হচ্ছেন, বিশ্ব ক্রিকেটে এরকম নজির খুব বিরল। হাতে গোনা।
রানা সাদিক (Rana Sadiq) সেই হাতে গোনা কোচেদের মধ্যে একজন। পাকিস্তানের (India vs Pakistan) ঘরোয়া ক্রিকেটে তাঁকে দ্রোণাচার্যের মতো সম্মান করা হয়। হবে না-ই বা কেন? কেরিয়ারের শুরুতে তাঁর কাছে তালিম নেওয়া দুই ক্রিকেটার যে পরে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। একজন, বাবর আজম (Babar Azam)। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। দ্বিতীয়জন, সলমন আলি আঘা (Salman Agha)। যাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ খেলছে পাক দল।
রবিবার কলম্বোয় দুজনই ভারতের প্রবল প্রতিপক্ষ। ক্রিজে সেট হয়ে গেলে টিম ইন্ডিয়ার কাঁটা হতে পারেন। রানা সাদিক মনে করেন, ভারতের জন্যই নিজেদের সেরাটা তুলে রেখেছেন দুই শিষ্য। রবিবার দুপুরে লাহৌর থেকে মোবাইল ফোনে রানা সাদিক এবিপি লাইভ বাংলাকে বললেন, 'সলমন প্রথম দুই ম্যাচে বড় রান পায়নি। বাবর আগের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে অল্পের জন্য হাফসেঞ্চুরি পায়নি। তবে দুজনই ভারত ম্যাচে জ্বলে উঠবে। ওদের প্রতিভা তো আছেই, এই ধরনের ম্যাচে সফল হতে গেলে মানসিক দৃঢ়তাও দরকার হয়। যা বাবর ও সলমন, দুজনেরই আছে। ভারতের বিরুদ্ধে ভাল করতে সব ক্রিকেটারই মুখিয়ে থাকে। ওরাও ব্যতিক্রমী নয়।'
ভারতকে হুঁশিয়ারির সুরে রানা সাদিক বলেছেন, কলম্বোর পরিবেশ পরিস্থিতি নিয়ে অনেক বেশি সড়গড় পাকিস্তান। যা পাক দলকে সুবিধা দেবে। 'পাকিস্তান ইতিমধ্যেই জোড়া ম্যাচ খেলে ফেলেছে কলম্বোয়। ওরা তৈরি। ভারতকে কিন্তু মানিয়ে নিতে হবে,' বলছিলেন সাদিক।
ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, নাটক, শেষ মুহূর্তে আইসিসি-র উদ্যোগে বৈঠক ও পাকিস্তানের অবস্থান বদল, ভারত ম্যাচ খেলার সিদ্ধান্ত - সব মিলিয়ে এই টালবাহানা প্রস্তুতিতে বাধা হবে না? সাদিক বলছেন, 'সকলেই পেশাদার ক্রিকেটার। সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকে। এসব নিয়ে মনে হয় না কোনও সমস্যা হবে।'
সম্প্রতি বাইশ গজে ভারত-পাক মানেই একপেশে লড়াই হয়েছে। পাল্লা ভারী থেকেছে ভারতের। সাদিক যদিও মনে করেন, এবার পাশা পাল্টাবে। বললেন, 'বাইরে থেকে এসব বলে লাভ নেই। করমর্দন হোক বা ম্যাচ বয়কট, বিতর্ক বাদ দিন। ভারতকে মাঠে জবাব দিতে ছটফট করছে পাকিস্তান। এশিয়া কাপে ভারতের জয়ের হ্যাটট্রিকের জবাব টি-২০ বিশ্বকাপে ম্যাচ জিতে দিতে মুখিয়ে রয়েছে পাকিস্তান। টুর্নামেন্টের আগে বাবর ও সলমনের সঙ্গে কথা হয়েছিল। ওরাও ভারত ম্যাচে ভাল কিছু করতে চায়। এবার হাওয়া ঘুরবে।'




















