IND vs ZIM: বৃষ্টিতে যদি ভেস্তে যায় ভারত-জিম্বাবোয়ে ম্য়াচ, তাহলে সেমির আশা কি শেষ হয়ে যাবে সূর্যদের?
T20 World Cup 2026: জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ই একমাত্র লক্ষ্য টিম ইন্ডিয়ার। খেলার মধ্যে যদি বৃষ্টি তাল কাটে, তাহলে? তবে কি সেমিতে ওঠার আশা পুরোপুরিই শেষ হয়ে যাবে সূর্যকুমারদের জন্য?

চেন্নাই: সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্য়াচ খেলতে আজ মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। প্রতিপক্ষ জিম্বাবোয়ে। প্রোটিয়াদের বিরুদ্ধে ৭৬ রানে হারের পর ভারতের জন্য ম্য়াচ কার্যত ডু অর ডাই। দুপুরে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে প্রোটিয়া বাহিনীর জয় ভারতের রাস্তা কিছুটা সহজ করলেও, অন্য় দলের দিকে তাকাতে নারাজ ভারতীয় শিবির। জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ বড় ব্যবধানে জয়ই একমাত্র লক্ষ্য টিম ইন্ডিয়ার। কিন্তু খেলার মধ্যে যদি বৃষ্টি তাল কাটে, তাহলে? তবে কি সেমিতে ওঠার আশা পুরোপুরিই শেষ হয়ে যাবে সূর্যকুমারদের জন্য?
চেন্নাইয়ের আবহাওয়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। ম্য়াচের সময়ও আকাশ পরিষ্কার থাকার কথা। কিন্তু যদি বৃষ্টি নামে, সেক্ষেত্রে কিন্তু চাপ আরও বাড়বে টিম ইন্ডিয়ার জন্য। কারণ নেট রান রেটে উন্নতি করার কোনও সুযোগ থাকছে না সূর্যকুমারদের। এই মুহূর্তে ভারতের নেট রান রেট -৩.৮০০। যদি জিম্বাবোয়ে ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে সুপার এইটে দু ম্য়াচে ১ পয়েন্ট ঝুলিতে পুরবে তারা। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতলেও তা দাড়াবে ৩ পয়েন্টে। যা নিয়ে সুপার এইটে জায়গা করে নেওয়া কার্যত অসম্ভবই।
কারণ ওয়েস্ট ইন্ডিজের রান রেট পাঁচের ওপরে। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল তারা। মারক্রামদের বিরুদ্ধে যদি হেরেও যায় তারা, তাহলেও নেট রান রেটে ভারতের আগেই থাকবে শাই হোপের দল। এই পরিস্থিতিতে শুধু ক্যারিবিয়ানদের ইডেনে হারিয়ে সেমির টিকিট পাওয়ার আশা করাটা কিছুটা অলৌকিকই।
বৃষ্টি যদিও বা চেন্নাইয়ে আসে, তাহলেও শেষ পর্যন্ত চেষ্টা করা হবে ম্য়াচ আয়োজন করার। সেক্ষেত্রে পাঁচ ওভার করে ম্য়াচও যদি হয়, তাও হবে। তবে আশার কথা চেন্নাইয়ে বৃষ্টি আসার সম্ভাবনা নেই ম্যাচের সময়।
এদিকে, আজকের ম্য়াচে ভারতীয় দলে যে ঢুকছেন সঞ্জু স্যামসন, তা একপ্রকার নিশ্চিত। অক্ষর পটেলকেও খেলানো হবে ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে। স্যামসন দলে ঢুকে পড়বেন রিঙ্কু সিংহয়ের পরিবর্ত হিসেবে। নাইট তারকার বাবা হাসপাতারে ভর্তি ছিলেন। দু দিন আগে বাড়ি ফিরেও গিয়েছিলেন রিঙ্কু। যদিও তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন, কিন্তু তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অন্য়দিকে সুন্দরও যদি অক্ষরের সঙ্গে খেলেন, তাহলে তিলক বর্মাকে বসতে হতে পারে।




















