T20 World Cup: টি-২০ বিশ্বকাপের আগে আচমকা দুশ্চিন্তা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন তরুণ ক্রিকেটার!
Harshit Rana: বুধবার নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ ছিল ভারতের। সেই ম্যাচে চোট পান হর্ষিত।

মুম্বই: টি-২০ বিশ্বকাপের আগে আশঙ্কার মেঘ ভারতীয় শিবিরে । ফের চোটের জন্য ছিটকে গেলেন এক ক্রিকেটার? যিনি আবার কোচ গৌতম গম্ভীরের অন্যতম প্রধান ভরসাও?
রাত পোহালেই টি-২০ বিশ্বকাপের বোধন । টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন ভারত । প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র । তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে । চোটের জন্য ছিটকে গেলেন হর্ষিত রানা! তাঁর পরিবর্ত হিসেবে সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজ ।
শোনা যাচ্ছে, শুক্রবার মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেবেন হায়দরাবাদের পেসার সিরাজ । শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের । তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি ।
বুধবার নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ ছিল ভারতের । সেই ম্যাচে চোট পান হর্ষিত । এক ওভারে দু'বার রান আপ নেওয়ার সময় থমকে যান । তারপর হাঁটু ধরে মাঠ ছাড়তে দেখা যায় তাঁকে । মাত্র এক ওভার বল করেন ম্যাচে ।
It all starts tomorrow 😍
— BCCI (@BCCI) February 6, 2026
Just 1⃣ day to go for #TeamIndia's opening fixture in the #T20WorldCup 🥳#MenInBlue pic.twitter.com/qQpHSD9pZd
অনেকের আশঙ্কা, বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত । যদিও প্রাক টুর্নামেন্ট সাংবাদিক সম্মেলনে স্পষ্ট কিছু জানাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব । তিনি শুধু বলেন, 'এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি হর্ষিত রানা । ফিজিওরা পরীক্ষা এবং পর্যবেক্ষণ করেছে ওকে । খুব ভাল দেখাচ্ছে না । আমরা দেখব গত এক দুই বছরে অন্য কোনও বোলার ধারাবাহিকতা দেখাতে পেরেছে কি না কিংবা এমন কোনও বোলার আছে কি না, যারা ব্যাটও করতে পারে । যদিও ব্যাটিংয়ে বিষয়টা বাধ্যতামুলক নয় । কারণ ৯ বা ১০ নম্বরে নামা প্লেয়ারের থেকে যদি আমরা ছয়ের প্রত্যাশা করি, তাহলে তার আগের আটজন ব্যাটসম্যান কী করবে? আমাদের হাতে কয়েকজন বিকল্প আছে । তাঁদের মধ্যে থেকে সেরাটা বেছে নেওয়া হবে ।'
বিশ্বকাপের আগে থেকেই চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল । বিজয় হাজারে ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন তিলক বর্মা । ওয়ান ডে খেলতে গিয়ে চোট পান ওয়াশিংটন সুন্দরও । এবার সেই তালিকায় কি যোগ হল হর্ষিতের নাম?




















