T20 World Cup 2026: দলের খারাপ পারফরম্যান্সের জেরে পাক অধিনায়কের স্ত্রী, সন্তানকে কটূক্তি, গর্জে উঠলেন সলমন-ঘরণী
Pakistan Cricket Team: বর্তমানে যা পরিস্থিতি তাতে সলমন আলি আঘার নেতৃত্বাধীন পাকিস্তান দল খাতায় কলমে বিশ্বকাপ সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে না গেলেও, শেষ চারে পৌঁছনো তাদের জন্য বেশ কঠিনই।

কলম্বো: এক ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। আরেক ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে পাকিস্তান। বর্তমানে যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার (T20 World Cup 2026) এইট থেকেই বিদায় নেবে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পড়শি দেশে দলের খারাপ পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। তবে এর মাঝেই এক অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। কটূক্তির শিকার হতে হল পাকিস্তান (Pakistan Cricket Team) অধিনায়ক সলমন আলি আঘার (Salman Ali Agha) পরিবারকে।
ভারতীয় উপমহাদেশে ক্রিকেটপ্রেমীর অভাব নেই। তবে এই ভালবাসা, প্যাসন অনেক সময়ই ২২ গজের লড়াই মাঠের গণ্ডি ছাড়িয়ে ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়ে। এক্ষেত্রেও তেমনটাই দেখা গেল। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার স্ত্রী ও পুত্রকে সোশ্যাল মিডিয়ায় কটূক্তির শিকার হতে হল। সলমন-ঘরণী সাবা নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়েছেন। পাশাপাশি তাঁদের খারাপ কথা বলা নেটিজনেদেরও কার্যত এক হাত নিয়েছেন সাবা।
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'পাকিস্তানি সমর্থকদের বলব আমি বা আমার নিষ্পাপ সন্তানকে কটূক্তি করলে দল বিশ্বকাপ জিতবে না।' অনেক নেটিজেনই আবার সোশ্যাল মিডিয়ায় এহেন মন্তব্য করার কড়া সমালোচনা করেছেন। প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক মঈন খানও এহেন আচরণের বিরুদ্ধে গর্জে উঠেছেন। ১৯৯৯ সালে বিশ্বকাপে পাকিস্তানের পরাজয়ের পরেও এমন ঘটনা ঘটেছিল বলে দাবি মঈনের। দোষীদের শাস্তি দেওয়ার জন্য সাইবার ক্রাইম আধিকারিকদের কাছে আবেদন করেছেন তিনি।
🚨 Pakistani fans abusing Salman Agha's wife on instagram
— Venky Mama (@venkymama100) February 25, 2026
-Abusing someones family is the worst thing an individual can do
-It cell should suspend all accounts doing such nuisance
- Keep the beautiful game beautfiul and take strict action against such abuses. Even Indian fans… pic.twitter.com/gxYKMoZMbK
আঘার পরিবারকে আক্রমণ করা হলেও, বলে রাখা ভাল পাকিস্তান কিন্তু এখনও খাতায় কলমে বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। নিউজ়িল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় আর মঙ্গলবার ইংল্যান্ডের কাছে হাতের মুঠোয় থাকা ম্যাচ পাকিস্তান হেরে যাওয়ার পর থেকেই সলমন আলি আঘাদের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। বর্তমানে দু'টি ম্যাচের পর পাকিস্তানের কাছে মাত্র ১ পয়েন্ট রয়েছে। এখান থেকে কীভাবে পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে?
প্রথমত, পাকিস্তানকে সুপার এইটে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের শেষ ম্যাচ জিততে হবে। সমস্ত সমীকরণ শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পরেই কার্যকর হবে।শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতার সঙ্গে পাকিস্তানকে এই আশা করতে হবে যে, নিউজিল্যান্ড যেন তাঁদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে যেন হেরে যায়। নিউজিল্যান্ডের এখন তিন পয়েন্ট রয়েছে। শ্রীলঙ্কাকে ৬২ রানে হারানোয় তাদের নেট রান রেট (৩.০৫০) বেশ ভাল জায়গায় রয়েছে। কিউয়িরা যদি ইংল্যান্ডকে হারায় তাহলে পাকিস্তানের আর সেমিফাইনালে পৌঁছনোর কোনও থাকবে না।
তবে নিউজ়িল্যান্ড ইংরেজদের বিরুদ্ধে হারলে এবং পাকিস্তান শ্রীলঙ্কাকে হারালে পাকিস্তানের সেমিফাইনালের আশা বজায় রাখবে। অবশ্য সেক্ষেত্রেও নেট রান রেটের বর্তমানে যা অবস্থা তাতে আঘাদের বিরাট বড় ব্যবধানে জিততে হবে এবং আশা করতে হবে কিউয়িরা যাতে বড় ব্যবধানে পরাজিত হয়।




















