Rinku Singh: মরণ-বাঁচন জিম্বাবোয়ে ম্যাচের আগেই ভারতীয় শিবির ছাড়লেন রিঙ্কু, ফিরলেন বাড়ি
IND vs ZIM: রিপোর্ট অনুযায়ী চেন্নাই থেকেই অনুশীলন না করে বাড়ির উদ্দেশে রওনা দেন রিঙ্কু সিংহ।

নয়াদিল্লি: সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট ব্যবধানে পরাজয়ের পর ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) ভবিষ্যৎ নিয়েই প্রবল সংশয়। বৃহস্পতিবার, জিম্বাবোয়ের বিরুদ্ধে (IND vs ZIM) বড় ব্যবধানে ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে সেই ম্যাচের আগেই ভারতীয় শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ (Rinku Singh)।
জিম্বাবোয়ে ম্য়াচের আগে বাড়ি ফিরেছেন রিঙ্কু। সোমবারই চেন্নাইয়ে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। মঙ্গলবার দলের সকলে মাঠে ঘামও ঝরান। তবে আজ চিপকে ভারতীয় দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি রিঙ্কুকে। বিসিসিআইয়ের এক সূত্র পিটিআইকে এই ঘটনার কথা জানিয়েছেন। কিন্তু হঠাৎ কেন রিঙ্কু দল ছাড়লেন? রিপোর্ট অনুযায়ী জরুরি পরিস্থিতিতেই বাধ্য হয়ে চেন্নাই থেকে বাড়ি ফিরে গিয়েছেন রিঙ্কু। শোনা যাচ্ছে তাঁর বাবা ক্ষণচাঁদ সিংহের নাকি শরীর খারাপ। তাঁকে গ্রেটার নয়ডার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাবাকে দেখতেই তড়িঘড়ি ভারতীয় শিবির ছেড়েছেন রিঙ্কু।
কাল বাদে পরশুই জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। টিম ইন্ডিয়ার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর আশা বজায় রাখত হলে এই ম্যাচে জয় এবং জয়ই একমাত্র বিকল্প। রিঙ্কু কিন্তু সেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অঙ্গও। গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতীয় একাদশে ছিলেন তরুণ ব্যাটার। যদিও তিনি রান পাননি। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধেও তাঁর ম্যাচ খেলার প্রবল সম্ভাবনা ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে রিঙ্কু আদৌ জিম্বাবোয়ে ম্যাচের আগে দলে ফিরলেও, সেই ম্যাচ খেলতে পারবেন কি না, সেই নিয়ে প্রবল প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
রিঙ্কু যদি পরের ম্যাচে না খেলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাঁর জায়গায় ভারতীয় একাদশে কে সুযোগ পাবেন? সেক্ষেত্রে গত ম্যাচে দলের একাদশ থেকে বাদ পড়া অক্ষর পটেল এক বিকল্প হতে পারেন। তিনি মিডল অর্ডারেই ব্যাট করেন, পাশাপাশি বোলিংটাও করেন। অবশ্য অভিতজ্ঞ ধারাভাষ্যকার হর্ষ ভোগলে কিন্তু একটু ভিন্ন ধরনের বদল দাবি করেছেন।
Feel for Rinku Singh but if he can't play, I like the idea of Samson joining Abhishek at the top with Ishan at 3. Hard on Tilak but you can play him according to the situation in a middle with Hardik, Dube and Axar.
— Harsha Bhogle (@bhogleharsha) February 24, 2026
এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তিলক নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাঁর মন্থর গতির ব্যাটিং ভারতকে অনেক সময় চাপেও ফেলেছে বলে অনেক বিশেষজ্ঞ দাবি করেছেন। তাই তিলককে নীচের দিকে নামিয়ে টপ অর্ডারে স্যামসনকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন তিনি।




















