IND vs ENG Innings Highlights: কোহলিকে স্পর্শ করলেন বিধ্বংসী স্যামসন, ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে রেকর্ড রান তুলল ভারত
T20 World Cup 2026: সেমিফাইনালে জিতবে কারা? পরিসংখ্যান বলছে, ভারতের পাল্লা ভারী। কারণ, টি-২০ বিশ্বকাপে এত বেশি রান তাড়া করে জেতেনি কোনও দল।

মুম্বই: ইডেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বোলিংকে ধ্বংস করে ভারতকে সেমিফাইনালে তুলে পিচের ওপর হাঁটু গেড়ে বসে প্রার্থনা করেছিলেন সঞ্জু স্যামসন। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে সুখস্মৃতি হয়ে রয়েছে সেই দৃশ্য।
কলকাতার সেই ঝড়ই বৃহস্পতিবার আছড়ে পড়ল মুম্বইয়ে। ইডেনের পর ওয়াংখেড়ে। ফের সঞ্জু স্যামসনের ব্যাটে তাণ্ডব। ইডেনে যেখানে শেষ করেছিলেন, ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেখানে শুরু করলেন কেরলের ক্রিকেটার। ৪২ বলে ৮৯ রান করে ধরে ফেললেন বিরাট কোহলিকে। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর কোহলির। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে কোহলি অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলেছিলেন। সঞ্জুও করলেন ৮৯। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে নক আউট পর্বে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ফিন অ্যালেনের। নিউজ়িল্যান্ডের ক্রিকেটার বুধবারই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় স্থানে তিলকরত্নে দিলশান। অপরাজিত ৯৬ রান করেছিলেন ২০০৯ সালের সেমিফাইনালে। তারপরই সঞ্জুর কীর্তি।
Another cracking #T20WorldCup knock from Sanju Samson 👌
— T20 World Cup (@T20WorldCup) March 5, 2026
Watch his fearless innings in the semi-final outing for India 🎥https://t.co/KV1LVgtjDg pic.twitter.com/xGvdnu8Fnh
সঞ্জুর প্রলয়ের দিন জ্বলে উঠলেন শিবম দুবে, ঈশান কিষাণরাও। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। সেমিফাইনালের চাপ সামলে ভারত তুলল ২৫৩/৭। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ স্কোর। টি-২০ বিশ্বকাপের নক আউট পর্বে এটাই সর্বোচ্চ দলগত স্কোর। সেদিক থেকেও রেকর্ড হল। ২০১২ সালের সেমিফাইনালে কলম্বোয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ় তুলেছিল ২০৫/৪। সেই রেকর্ড ভেঙে দিল ভারত।
সেমিফাইনালে জিতবে কারা? পরিসংখ্যান বলছে, ভারতের পাল্লা ভারী। কারণ, টি-২০ বিশ্বকাপে এত বেশি রান তাড়া করে জেতেনি কোনও দল। সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নজির রয়েছে ইংল্যান্ডের। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৩০ তাড়া করে জিতেছিল ইংরেজরা। এবার তার চেয়েও কঠিন পরীক্ষা। আর নক আউট পর্বের রেকর্ড ধরলে, ভারতের বিরুদ্ধে ১৯৩ তুলে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ়। ২০১৬ সালের সেমিফাইনালে। সেই ম্যাচও ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
অভিষেক শর্মা ফের ব্যর্থ। তবে তাঁর অভাব ঢেকে দিলেন ঈশান কিষাণ (১৮ বলে ৩৯ রান), শিবম দুবে (২৫ বলে ৪৩ রান), হার্দিক পাণ্ড্য (১২ বলে ২৭ রান) ও তিলক বর্মা (৭ বলে ২১ রান)।



















