T20 World Cup 2026: ইডেনে চার-ছক্কার বন্যা মুন্সি-রিচির ব্যাটে, ইতালির বিরুদ্ধে ২০৭ বোর্ডে তুলে নিল স্কটল্যান্ড
ব্রেন্ডন ম্য়াকুলেনের মারকাটারি ইনিংসের সৌজন্য দুশোর গণ্ডি পেরিয়ে যায় স্কটল্যান্ড। যদি ম্য়াডসেন খেলতে না পারেন, তাহলে কিন্তু ১০ জনে খেলতে নামতে হবে ইতালিকে।

কলকাতা: ইডেনে প্রথম ম্য়াচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়েও হারতে হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্য়াচে ইতালির বিরুদ্ধে ম্য়াচে খেলার প্রথম কুড়ির ওভার শেষে কিন্তু কিছুটা এগিয়েই স্কটল্যান্ড (Scotland vs Italy)। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইতালির ক্যাপ্টেন ওয়েন ম্য়াডসেন (Wayne Madsen)। যদিও খেলার শুরুতেই বাজে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। স্কটল্যান্ডের হয়ে ওপেনে নেমে জর্জ মুন্সির ঝোড়ো অর্ধশতরান। ব্রেন্ডন ম্য়াকুলেনের মারকাটারি ইনিংসের সৌজন্য দুশোর গণ্ডি পেরিয়ে যায় স্কটল্যান্ড। যদি ম্য়াডসেন খেলতে না পারেন, তাহলে কিন্তু ১০ জনে খেলতে নামতে হবে ইতালিকে।
এদিন খেলার শুরু থেকেই স্কটল্যান্ডের মুন্সি ও তাঁর ওপেনিং পার্টনার মাইকেল জোন্স বিধ্বংসী মেজাজেই ছিলেন। কুড়ির ফর্ম্য়াটে যে কোনও দলই ছোট নয়, তার আন্দাজ টুর্নামেন্টের শুরু থেকেই মিলেছে। ভারতের বিরুদ্ধে বেগ দিয়েছিল যুক্তরাষ্ট্র, পাকিস্তানকে টক্কর দিয়েছিল নেদারল্য়ান্ড। ৮ তারিখ রবিবার ইংল্যান্ড তো হারতে হারতে জিতেছে নেপালের বিরুদ্ধে। এদিনও স্কটল্যান্ড ও ইতালি দুই অ্য়াসোসিয়েট দেশের মধ্যে লড়াই ছিল। তাও প্রায় ৫ হাজারের কাছাকাছি দর্শক উপস্থিত ছিলেন ইডেনের গ্যালারি ভরাতে। হয়ত এটাই টি-টোয়েন্টির মহিমা।
গুটি গুটি পায়ে ইডেন ভরাতে শুরুই করেছে দর্শক, মাঠে তাণ্ডব চালানো শুরু করে দিয়েছিলেন মুন্সি। স্কটল্যান্ড দলের সেরা ব্যাটারের কুড়ির ফর্ম্য়াটে দুটো শতরানও আছে। এদিন যেভাবে শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল আরও একটা শতরান আসতেই পারে। তবে তিনি থামলেন ৫৪ বলে ৮৪ রান করে। নিজের ১৩টি বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান। ৩০ বলে ৩৭ রান করেন মাইকেল জোন্স। ২টো বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকান তিনি।
জোন্স আউট হওয়ার পরে ব্রেন্ডন ম্য়াকমুলেন এসে ইডেনের পিচে দাপট দেখানো শুরু করেন। ১৮ বলে ৪১ রানের ইনিংসে ৪টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি। ক্যাপ্টেন রিচি বেরিংটন যদিও বড় রান পাননি ১১ বলে ১৫ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন তিনি। লোয়ার অর্ডারে মাইকেল লিস্ক ৫ বলে ঝোড়ো ২২ রানের ইনিংস খেলেন ২ টো বাউন্ডারি ও দুটো ছক্কার সাহায্য়ে।
ইতালি ফুটবলের দেশ। এবার প্রথমবার ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে খেলতে দেখা যাবে দেল পিয়েরো, পির্লো, ক্যানাভারোর দল। এখন দেখার ২২ গজে নিজেদের অভিষেক ম্য়াচ কেমন পারফর্ম করে ইতালি।




















