Sourav Ganguly: তারিক আর পাঁচজন অফস্পিনারের মতোই, পাকিস্তানের কৌশল ভেস্তে যাবে? কাকে ফেভারিট বাছলেন সৌরভ?
T20 World Cup 2026: ম্যাচের ২৪ ঘণ্টা আগে প্রশ্নটা করা হয়েছিল এমন একজনকে, যিনি বহু রোমাঞ্চকর ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী। গ্যালারিতে নয়, খোদ মাঠে থেকেছেন। দলকে জিতিয়েছেন।

সন্দীপ সরকার, কলকাতা: আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই দাদাগিরি দেখিয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) মুখোমুখি সাক্ষাতে ভারত এগিয়ে ৭-১। রবিবার কলম্বোয় কী হবে?
ম্যাচের ২৪ ঘণ্টা আগে প্রশ্নটা করা হয়েছিল এমন একজনকে, যিনি বহু রোমাঞ্চকর ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী। গ্যালারিতে নয়, খোদ মাঠে থেকেছেন। দলকে জিতিয়েছেন। কখনও ব্য়াট হাতে, কখনও বলে। তিনি, ভারতের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট শনিবার ব্যস্ত ছিলেন ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচ নিয়ে। তার ফাঁকে বিশ্বকাপের জন্য সিএবি ও কলকাতা ক্রীড়া সাংবাদিক ম্যাচের যৌথ উদ্যোগে স্যুভেনিরও প্রকাশ করলেন।
ভারত-পাক ম্যাচে কী পূর্বাভাস? সৌরভ বললেন, 'টি-২০ ক্রিকেটে আগাম বলে দেওয়া তো সম্ভব নয়। যে দল যে দিন ভাল খেলবে, জিতবে। ছোট ফর্ম্যাট হওয়ায় যে কোনও দিন যে কোনও ফল হতে পারে। তবে ভারত খুব ভাল দল। ভারতকে হারানো অত সহজ হবে না।'
টি-২০ বিশ্বকাপে সাড়া ফেলে দিয়েছেন পাকিস্তানের অফস্পিনার উসমান তারিক। অদ্ভুত অ্যাকশন। বল রিলিজ করার আগে থমকাচ্ছেন। কনুই ভাঙছে কি না, তা নিয়েও প্রচুর বিতর্ক। কারও কারও মতে, উসমান তারিক রবিবার ভারতের কাঁটা হতে পারেন। সৌরভ অবশ্য সেসব আলোচনা উড়িয়ে দিচ্ছেন। বলছেন, 'না না কোনও সমস্যা হবে না। অফস্পিনার তো। আর পাঁচজন অফস্পিনারের মতোই। আলাদা কিছুই নয়। একটু দাঁড়িয়ে বল করে আর কিছুই নয়। ভারত ভাল খেলবে। সমস্যা হবে না।'
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় একাদশে কি পরিবর্তন হতে পারে? বিশেষ করে বোলিং বিভাগে? সৌরভ বলছেন, 'অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, বুমরা, অর্শদীপ। সঙ্গে হার্দিক ও শিবম দুবে। এই দলই খেলবে। মনে হয় না রিঙ্কুর জায়গায় কুলদীপকে খেলানো হবে বলে। ব্যাটিংয়ে ভারসাম্যও রাখতে হবে তো। স্পিনার হিসাবে তিলক বর্মা পার্টটাইম বল করে দিতে পারবে। আমার মনে হয় এই দলই খেলবে।'
টি-২০ ক্রিকেটে ভারত বিশ্বচ্যাম্পিয়ন। এবারও অন্যতম ফেভারিট। সৌরভ বলছেন, 'ভারত ভাল খেলবে। ভারত শেষ ২৬টি টি-২০ ম্যাচের মধ্যে ২৫টি ভারত জিতেছে। একজন এই দলে কোনও বিষয় নয়। এক-দুজন ভাল খেললেই জিতবে ভারত। টি-২০ ক্রিকেটে দারুণ দল।'
পাকিস্তান ক্রিকেটের সোনালি সময় দেখেছেন। এখন পাক দলের অবনতির কারণ কী? সৌরভ বলছেন, 'আমাদের সময় পাকিস্তানের ব্যাটিংয়ের মান অনেক ভাল ছিল। ইনজামাম উল হক, সঈদ আনোয়ার, মহম্মদ ইউসুফ - দারুণ সব ব্যাটার ছিল। সঙ্গে ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসের বোলিং। দুর্দান্ত দল ছিল। এই পাকিস্তানের সঙ্গে সেই দলের কোনও তুলনাই চলে না। সেই প্লেয়াররা তো বারবার হয় না। বাবর আজম এদের মধ্যে সবচেয়ে ভাল প্লেয়ার। তবে অতীত পাকিস্তানের সঙ্গে তুলনা চলে না।'




















