T20 World Cup: দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেছেন তিলক? তরুণ ব্যাটারের সমালোচনায় গাওস্কর
Gavaskar On Tilak: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭০.৮৫ গড় তিলক বর্মা। তিনিই কি না সুপার এইটের মত গুরুত্বপূর্ণ ম্য়াচে ২ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন।

মুম্বই: এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে ঝোড়ো ম্য়াচ জেতানো অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন। কিন্তু এরপর থেকে সেভাবে আর ব্যাট হাতে পারফর্ম করতে দেখা যায়নি তাঁকে। কিন্তু ম্য়াচের পর ম্য়াচ তিলক বর্মা সুযোগ পাচ্ছেন প্রথম একাদশে। বাঁহাতি তরুণ ব্যাটারের সমালোচনায় এবার কিংবদন্তি সুনীল গাওস্কর। ভারতীয় ব্যাটারদের অতিরিক্ত আত্মবিশ্বাসী বলেও দাবি করেছেন লিটল মাস্টার।
স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে সুনীল গাওস্কর জানিয়েছেন, ''মিলার ও ব্রেভিসের পার্টনারশিপটা একবার দেখলেই বোঝা যাবে যে ওরা কীভাবে পিচে টিকে থেকে ধীরে ধীরে পার্টনারশিপ গড়ে তুলেছিল। সেই একই কাজ ভারতীয় ব্যাটারদের প্রয়োজন ছিল। কিন্তু ভারতীয় দল প্রোটিয়া ইনিংস দেখে কিছুই শেখেনি। যদি প্রতিপক্ষ দলের ব্যাটার এমন একটা পিচে এভাবে খেলতে পারে, তাহলে তোমাকেও তো পাল্টা খেলাটা খেলতে হবে। অহংকারের সঙ্গে ভারতীয় দল মাঠে নেমেছিল, আর প্রত্যেকে ব্যাট ছুড়ে নিজেদের উইকেট খুইয়ে এসেছে। মূলত সব বিভাগেই প্রোটিয়ারা টেক্কা দিয়েছে ভারতকে।''
তিলকের সমালোচনায় গাওস্কর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭০.৮৫ গড় তিলক বর্মা। তিনিই কি না সুপার এইটের মত গুরুত্বপূর্ণ ম্য়াচে ২ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। সানি বলছেন, ''তিলক বর্মা কিন্তু খুবই স্মার্ট ক্রিকেটার। কিন্তু আমি হতাশ হয়েছি ওর অ্য়াপ্রোচ দেখে। ঈশান কিষাণ প্রথম ওভারেই উইকেট হারিয়েছিল। সেই সময় রান রেট প্রয়োজন ছিল ১০ এর কাছাকাছি। ১৫ নয় কিন্তু। তিলক নিজেকে সময় দিতে পারত ক্রিজে। সেখান থেকে ৫০-৫৫ রানের পার্টনারশিপও কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারত।''
গ্রুপ পর্বে তিন ম্য়াচে শূন্য রান করে আউট হওয়ার পর সুপার এইটে ১৫ রান করেছেন অভিষেক শর্মা। কিন্তু তাঁকে একটুও আত্মবিশ্বাসী মনে হয়নি গাওস্করের। তিনি বলছেন, ''ব্যাট হাতে স্বপ্রতিভ একেবারেই মনে হয়নি অভিষেককে। নেটে আপনি জানেন য়ে একবার আউট হয়ে গেলেও পরের বলটা ফের খেলার সুযোগ পাবেন। কিন্তু আসল ম্য়াচে তো তেমনটা হয় না। ম্য়াচের ক্ষেত্রে গল্পটা একদম আলাদা। চাপ থাকে। অভিষেক খোলা মনে হাতই খুলতে পারেনি রবিবারের ম্য়াচে। প্রোটিয়া বোলাররাই সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। ওরা জানত যে অফ সাইডে জায়গা করে খেলা পছন্দ করে অভিষেক। তাই রাবাডা ক্রমাগত প্যাডে বল করে গিয়েছে। এমনকী একটি ছক্কা হাঁকানোর পরও।''




















