T20 World Cup: ভালবাসার দিনে ভরা ইডেন দেখল হাড্ডাহাড্ডি লড়াই, স্কটিশদের হারিয়ে শেষ হাসি ইংল্যান্ডের
England vs Scotland: আর ভালবাসার দিনে ক্রিকেটপ্রেমীরা মাঠ ছাড়লেন টানটান ক্রিকেটীয় লড়াই আর চোখধাঁধানো লেজার শো দেখে।

সন্দীপ সরকার, কলকাতা: প্রিয় মানুষের সঙ্গে মাঠে এসো। ভালবাসার দিন কাটাও ক্রিকেটের নন্দনকাননে। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে ক্রিকেটপ্রেমীদের জন্য বার্তা ছিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি-র।
শনিবার দেখা গেল, কেন ক্রিকেটকে এ দেশে ধর্ম বলা হয়। কেন সেই বিখ্যাত স্লোগান উঠেছিল, 'ইট ক্রিকেট, স্লিপ ক্রিকেট, ড্রিম ক্রিকেট।' ভ্যালেন্টাইন্স ডে-তে কার্যত ভরে গেল ইডেন। প্রায় ৪০ হাজার মানুষ মাঠে বসে দেখলেন বিশ্বের অন্যতম পুরনো এক লড়াই - ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড দ্বৈরথ।
প্রেমদিবসে হতাশ হতে হয়নি ক্রিকেটপ্রেমীদের। টানটান এক টি-২০ যুদ্ধ দেখল কলকাতা। স্কটল্যান্ড হয়তো অঘটন ঘটাতে পারেনি। ম্যাচ জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ইংল্যান্ড। কিন্তু স্কটিশরা বুঝিয়ে দিল, ক্রিকেটে লম্বা দৌড়ের ঘোড়া হতে পারে তারা। ইংল্যান্ডের বিরুদ্ধে পাল্লা দিয়ে লড়াই করল।
টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল ইংল্যান্ড। দুপুর তিনটের ম্যাচ। তবু সূর্যাস্তের পর শিশির পড়তে পারে, এই আশঙ্কায় কোনও ঝুঁকি নেননি হ্যারি ব্রুক। শুরুতেই আগুনে স্পেল জোফ্রা আর্চারের। বিশ্বের অন্যতম সেরা ফাস্টবোলার। তবে চোট-আঘাতে জর্জরিত থাকেন। ফিট থাকলে যে ব্যাটারদের মনে কীরকম আতঙ্ক তৈরি করতে পারেন, শনিবার দেখিয়ে দিলেন ইংরেজ পেসার। ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে নিলেন ২ উইকেট। প্রথম স্পেলে তিন ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়ে স্কটল্যান্ড ইনিংসের কোমড় ভেঙে দেন।
তারপরেও পাল্টা লড়াই চালাল স্কটল্যান্ড। ওপেনার মাইকেল জোনস ২০ বলে ৩৩ রান করে পাল্টা লড়াই শুরু করলেন। স্কটিশ অধিনায়ক রিচি বেরিংটন ৩২ বলে ৪৯ করলেন। শেষ দিকে অলিভার ডেভিডসন চালিয়ে খেলে ১৫ বলে ২০ রান করলেন। স্কটল্যান্ড ১৯.৪ ওভারে ১৫২ রানে অল আউট হয়ে যায়।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় ইংল্যান্ড। আইপিএলে ইডেন ছিল ফিল সল্টের ঘরের মাঠ। কেকেআরের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। আরিসিবির হয়েও গত মরশুিমে জিতেছেন ট্রফি। তবে বিশ্বকাপে হতাশ করলেন ইডেনে। মাত্র ২ রান করে ফিরলেন। ব্র্যাড কারির বলে মাত্র ৩ রান করে ফিরলেন জশ বাটলার। ২ ওভারে ১৩/২, অঘটন ঘটানোর স্বপ্ন দেখতে শুরু করেছিল স্কটল্যান্ড। ইডেন গ্যালারি তখন গর্জন করছে। আন্ডারডগের জয়ের গন্ধ পেয়ে।
৮৬/৪ হয়ে যাওয়ার পর ইংল্যান্ডকে চাপ কাটিয়ে অক্সিজেনের সন্ধান দিলেন টম ব্যান্টন। ৪১ বলে ৬৩ রান করে অপরাজিত রইলেন। ৮ বল বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল ইংল্যান্ড। স্বস্তি ফিরল শিবিরে।
আর ভালবাসার দিনে ক্রিকেটপ্রেমীরা মাঠ ছাড়লেন টানটান ক্রিকেটীয় লড়াই আর চোখধাঁধানো লেজার শো দেখে।




















