T20 World Cup 2026: দুই নাইটের দৌরাত্ম্যে দুরন্ত জয়, বিশ্বকাপে আমিরশাহিকে ১০ উইকেটে হারাল নিউজ়িল্যান্ড
UAE vs NZ: ২৮ বল বাকি থাকতেই ফিন অ্যালেন এবং টিম সেফার্তের দুরন্ত অর্ধশতরানে নিউজ়িল্যান্ডকে সংযুক্ত আরব আমিরশাহিকে হারাল।

চেন্নাই: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) এর আগেই পাকিস্তান ও ইংল্যান্ড অল্পের জন্য নেদারল্যান্ডস এবং নেপালের বিরুদ্ধে অঘটন এড়িয়েছে। আজ নিউজ়িল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরশাহির (UAE vs New Zealand) ম্যাচে প্রথম ইনিংসে একটা সময় মনে হচ্ছিল কিউয়িদেরও হয়তো ম্যাচ জিততে বেগ পেতে হবে। তবে শেষমেশ আমিরশাহিকে হেলায় হারাল মিচেল স্যান্টনারের দল। সৌজন্যে দুই নাইট তারকা।
কেকেআর এবারের আইপিএল নিলামেই টিম সেফার্ত (Tim Seifert) এবং ফিন অ্যালেন (Finn Allen), দুই কিউয়ি কিপার-ব্যাটারকে সই করিয়েছে। সেই দুই ব্যাটারই দুরন্ত অর্ধশতরান হারিয়ে নিউজ়িল্যান্ডকে ২৮ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জেতালেন। এদিন টস জিতে শুরুটা খুব একটা ভাল করতে পারেনি আমিরশাহি। আর্যশ শর্মাকে শুরুতেই সাজঘরে ফেরান নিউজ়িল্যান্ডের জেকব ডাফি। তবে আলিশান শারাফু এবং মহম্মদ ওয়াসিম পাল্টা লড়াই শুরু করেন।
পাওয়ার প্লেতেই ৫০ রানের গণ্ডি পার করে ফেলে আমিরশাহি। দেখতে দেখতে শতরানেরও গণ্ডি পার করে তারা। শারাফু দুরন্ত অর্ধশতরান পূরণ করেন। তবে মিচেল স্যান্টনারের বলে বড় শট মারতে গিয়ে ৫৫ রানেই তাঁর ইনিংস থামে। বাউন্ডারি লাইনে মার্ক চ্যাপম্যান এবং ড্যারেল মিচেলের অনবদ্য প্রয়াসে আউট হন তিনি। ভাঙে টি-টোয়েন্টিতে আমিরশাহির দ্বিতীয় সর্বোচ্চ ১০৭ রানের ইনিংস। হর্ষিত কৌশিকও দুই রানে প্রায় সঙ্গে সঙ্গেই সাজঘরে ফেরেন। আমিরশাহির অধিনায়ক ওয়াসিম অবশ্য গোটা ইনিংসই ব্যাট করেন। অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন তিনি। ময়ঙ্ক কুমারও ২১ রানের ছোট্ট ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৭৩ রান তোলে আমিরশাহি।
Tim Seifert and Finn Allen put up a record-breaking stand to make it two in two at #T20WorldCup for New Zealand 👏
— ICC (@ICC) February 10, 2026
📝: https://t.co/5NVVxOjcFv pic.twitter.com/P7rqBCL0LT
জবাবে কিউয়ি ওপেনাররা শুরু থেকে দাপুটে ছন্দে ব্যাট করেন। সেই দ্বিতীয় ওভার থেকে যে আক্রমণ শুরু হয়, তা ইনিংসের শেষ পর্যন্ত চলে। মাত্র ২৩ বলে অর্ধশতরান পূরণ করেন সেফার্ত, আর ২৭ বলে ৫০-র গণ্ডি পার করেন ফিন অ্যালেন। দুইজনেই জয়ের জন্য কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন কিউয়িদের। ১৭৫ রান যোগ করেন তাঁরা। এটা নিউজ়িল্যান্ডের সর্বকালের সর্বসেরা টি-টোয়েন্টি ওপেনিং পার্টনারশিপ হওয়ার পাশাপাশি বিশের বিশ্বকাপেরও সর্বোচ্চ রানের পার্টনারশিপ। এই পার্টনারশিপই কিউয়িদের জয় সুনিশ্চিত করে।




















