T20 World Cup: অবশেষে 'বন্দিদশা' থেকে মুক্তি! ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা কবে ফিরছেন দেশে?
Iran-Israel America War: ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতি থিতিয়ে যাওয়ার কোনও লক্ষ্মণই নেই। যার জেরে তীব্র মানসিক উদ্বেগের মধ্যে কলকাতায় আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

সন্দীপ সরকার, কলকাতা: অবশেষে ঘুচতে চলেছে কলকাতায় এইডেন মারক্রাম, শিমরন হেটমায়ারদের 'বন্দিদশা'!
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে কলকাতায় আটকে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরের দিন ক্যারিবিয়ান দলের কোচ ড্যারেন স্যামি বাড়ির উদ্দেশে রওনা হয়ে যাচ্ছেন বলেই খবর। তবে শাই হোপ, শিমরন হেটমায়াররা কলকাতাতেই আটকে রয়েছেন। অন্যদিকে, বুধবার নিউজ়িল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে যাওয়ার পরেও গত পাঁচদিন ধরে কলকাতা ছেড়ে বেরতেই পারেননি এইডেন মারক্রাম, ডেভিড মিলাররা।
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের দেশে ফেরার সম্ভাবনা তৈরি হল। সব কিছু ঠিকঠাক চললে মঙ্গলবার দুপুর দুটোর সময় বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে কলকাতা ছাড়বেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারেরা। সেই বিমানেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলেরও জোহানেসবার্গ উড়ে যাওয়ার কথা।
খোঁজ নিয়ে জানা গেল, ১০ মার্চ চার্টার্ড ফ্লাইট টি ভি আর ৭৭০৮-এ করে জোহানেসবার্গের উদ্দেশে রওনা হবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ় - দুই দলই। কলকাতা বিমানবন্দর থেকে দুপুর আড়াইটের সময় ছাড়ার কথা সেই চার্টার্ড ফ্লাইট। সকাল সাড়ে দশটা নাগাদ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ও বেলা সাড়ে এগারোটা নাগাদ ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট দলের দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা। তারপর দুপুর আড়াইটের সময় বিমান টেক অফ করবে, এখনও পর্যন্ত সেরকমই ঠিক রয়েছে।
তবে সোমবার, ৯ মার্চও কয়েকজন শহর ছেড়েছেন। এ আই ২৪১০ ও ১ এবং এস কিউ ৫১৭ ফ্লাইটে করে ওয়েস্ট ইন্ডিজ়ের তিনজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ - সব মিলিয়ে চারজন কলকাতা থেকে রওনা হয়েছেন। এখনও কলকাতায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের ১২ জন ক্রিকেটার ও ১০ জন সাপোর্ট স্টাফ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ১২ জন ক্রিকেটার ও ২ জন সাপোর্ট স্টাফ কলকাতায় রয়েছেন।
ইরান ও ইজ়রায়েল-আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে গোটা বিশ্বে বিমান পরিষেবা ব্যাহত। তাতেই বাড়ি ফিরতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। সোমবার, ৯ মার্চ ওয়েস্ট ইন্ডিজ়ের কোচ ড্যারেন স্যামির জন্য দেশে ফেরার বন্দোবস্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে একটা চার্টার্ড বিমানে হেটমায়ার-হোপদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হল। যে ইঙ্গিত আগেই দিয়েছিল এবিপি লাইভ বাংলা।
ইরান-ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতি থিতিয়ে যাওয়ার কোনও লক্ষ্মণই নেই, বরং আরও সুর চড়াচ্ছে আমেরিকা। যার জেরে তীব্র মানসিক উদ্বেগের মধ্যে কলকাতায় আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ় ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। অবশেষে তাঁদের উদ্বেগমুক্তি।




















