India vs West Indies: শুরুতে আটকে থেকেও শেষ লগ্নে ব্যাটিং বিস্ফোরণ ওয়েস্ট ইন্ডিজ়ের, ইডেনে অগ্নিপরীক্ষা ভারতের
Eden Gardens: শুরুর সেই চাপ বজায় রাখতে পারল না ভারত। ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডারে সেই ব্যাটিং বিস্ফোরণ হল।

সন্দীপ সরকার, কলকাতা: ভিভিআইপি বক্সে পাশাপাশি বসে খেলা দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। একজন সিএবি প্রেসিডেন্ট। অন্যজন আইসিসি চেয়ারম্যান। তবে ভারতীয় ক্রিকেটের হাঁড়ির খবর রাখেন, এমন সকলেই দাবি করেন যে, সৌরভের ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসাবে আরও একটা টার্ম থাকা আটকে গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রের জন্য। সেই সৌরভ-জয় শাহ বসে খোশগল্প করতে করতে খেলা দেখলেন ইডেনে।
তবে তার চেয়েও আশ্চর্যজনক দৃশ্য রবিবার দেখা গেল ইডেনের বাইশ গজে। পাওয়ার প্লে-তে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং দেখে হতচকিত অনেকেই। যে ওয়েস্ট ইন্ডিজ় শাই হোপ থেকে শুরু করে শিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড - একের পর এক বিস্ফোরক ব্যাটিংয়ের মশলায় ঠাসা, তারা কি না ৬ ওভারে তুলল ৪৫/০!
৩৩ বলে ৩২ রান করলেন হোপ। তার চেয়েও অবাক করা তথ্য হল, ১৭টি ডট বল খেলেছেন। মোট বলের প্রায় ৫২ শতাংশ! চলতি টি-২০ বিশ্বকাপে ৩০ বা তার বেশি বল খেলেছেন, এরকম ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি।
তবে শুরুর সেই চাপ বজায় রাখতে পারল না ভারত। ওয়েস্ট ইন্ডিজ়ের মিডল অর্ডারে সেই ব্যাটিং বিস্ফোরণ হল। শুরুটা করেছিলেন রস্টন চেজ়। দুবার জীবন পেয়েছিলেন। শুরুতেই তাঁকে রান আউটের সুযোগ হাতছাড়া করেন বরুণ চক্রবর্তী। পরে ব্যক্তিগত ১৪ রানের মাথায় যশপ্রীত বুমরার বলে তাঁর ক্যাচ ফেলেন অভিষেক শর্মা। ২৫ বলে ৪০ করে গেলেন চেজ়।
সেই যে রানের গতি থার্ড গিয়ারে ছুটতে শুরু করল, আর থামল না। ১২ বলে ২৭ রান করলেন শিমরন হেটমায়ার। চলতি টি-২০ বিশ্বকাপে ১৯টি ছক্কা হয়ে গেল তাঁর। টি-২০ বিশ্বকাপের কোনও এক মরশুমে এত ছক্কা আর কেউ মারেননি। ১৯ বলে ৩৪ রানে অপরাজিত রইলেন রোভম্যান পাওয়েল। ২২ বলে ৩৭ রানের অপরাজিত ও বিধ্বংসী ইনিংস খেললেন জেসন হোল্ডার। ইডেনে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ়কে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্যকুমার যাদব। ১৯৫/৪ স্কোর তুলে ভারতীয় শিবিরের রক্তচাপ বাড়িয়ে দিলেন ক্যারিবিয়ানরা। একমাত্র যশপ্রীত বুমরা (৪ ওভারে ২-৩৬) ছাড়া আর কেউই ভয় ধরানোর মতো বোলিং করেননি।
ইডেনের পিচে রান রয়েছে। তবে বল কিছুটা থমকেও ব্যাটে আসছে। এবারের টি-২০ বিশ্বকাপে খুব বেশি বড় রান তাড়া করে ম্যাচ জেতার নজির নেই। ভারতীয় ব্যাটারদের কাজটাও যে কেকওয়াক হবে না, নিশ্চিত বিশেষজ্ঞরাও। ম্যাচের আগে কালীঘাটে পুজো দিয়ে এসেছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ইনিংসের বিরতিতে কি তিনি প্রসাদি ফুল হাতে নিয়ে ড্রেসিংরুমে ফিরলেন!




















