Usman Tariq: ধোনির জন্য জীবন বদলে গিয়েছিল পাক স্পিনারের, কীভাবে হয়ে উঠলেন ব্যাটারদের ত্রাস?
T20 World Cup: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক শিবিরের বহুচর্চিত নাম উসমান তারিক। সেই তিনিই জানিয়েছেন ধোনির জন্য কীভাবে জীবন বদলেছে তাঁর।

মহেন্দ্র সিং ধোনি... (MS Dhoni) নামটা শুনলেই বহু ভারতীয় ক্রিকেট প্রেমীর মনটা ভাল হয়ে যায়। মাহি মানুষটাই এমন, যে তাঁর কথা উঠলে কমবেশি সকলের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। বছর দশেক আগে তাঁর বায়োপিক 'M.S. Dhoni: The Untold Story' রিলিজ করেছিল। এই বায়োপিক সিনেপ্রেমীদের পাশাপাশি হাজার হাজার ক্রিকেট প্রেমীর মনে আজও অমলিন। সেই ধোনিই বদলে দিয়েছেন পাকিস্তানের এক বোলারের জীবনও! অবাক লাগছে শুনতে? এ কথা নিজেই জানিয়েছেন পাক স্পিনার উসমান তারিক (Usman Tariq)।
রেলের টিটি থেকে ২২ গজের সম্রাট হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই অদম্য লড়াই বদলে দিয়েছে উসমান তারিকের জীবনও। ২০১৭ সালে একদিন ডিনার করার সময় ধোনির বায়োপিক দেখেছিলেন উসমান তারিক। সেই সময় তিনি কর্মসূত্রে দুবাইয়ে। ওই বায়োপিক দেখে তিনি ঠিক করে ফেলেন নিজের প্যাশনের প্রতি তিনি দৌড়বেন। যেমন ভাবা, তেমন কাজ। সব ছেড়ে ক্রিকেটে মন দেন তিনি।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক শিবিরের বহুচর্চিত নাম উসমান তারিক। তিনি শুধু তাঁর অসাধারণ বোলিং অ্যাকশনের জন্যই নয়, একইসঙ্গে তাঁর ব্যক্তিগত সংগ্রাম ও অনুপ্রেরণার জন্যও অনেকের নজরে এসেছেন। রোল মডেল হিসেবে কাকে মনে করেন উসমান? তিনি বলেন, 'আমি ক্রিকেটে ফিরেছিলাম এমএস ধোনি দেখার পর। ওর গল্পটা অনেকটাই আমার মতো। আমি একটা কাজ করতাম, ধোনিও করত। ও ইতিহাস তৈরি করেছে। আমি মনে করি যদি ও এমনটা করতে পারে, তা হলে হয়তো আমিও পারব। তবে এখন আমাকে অনেক পরিশ্রম করতে হবে। ওকে দেখে আমি অনুপ্রাণিত হয়ে ক্রিকেটে ফিরেছি।'
উসমানের অদ্ভুত বোলিং অ্যাকশন সম্পর্কে ক্রিকেট মহলে প্রচুর আলোচনা চলছে। পাক শিবির আবার বলছে, আইসিসির পরীক্ষায় তাঁর অ্যাকশন বৈধ হয়েছে বলেই তিনি বিশ্বকাপে খেলতে পারছেন। উল্লেখ্য, চলতি টি-২০ বিশ্বকাপে উসমান তারিক মোট ৬টি উইকেট নিয়েছেন। তার মধ্যে অজিদের বিরুদ্ধে ২টি, ৩টি আমেরিকা আর একটি ভারতের বিরুদ্ধে। ২০২৫ সালে তাঁর পাক টিমে ডেবিউ হয়েছে। এখনও অবধি তিনি পাকিস্তানের জার্সিতে ৫টি ম্যাচ খেলেছেন। তাতে ঝুলিতে এসেছে ১২টি উইকেট। এ বার দেখার এই পাক ক্রিকেটারের কেরিয়ার কোন দিকে মোড় নেয়।




















