T20 World Cup: ইডেনের রেকর্ডবুকে নাম লেখালেন শেফার্ড, নাটকীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ
Eden Gardens: ওয়েস্ট ইন্ডিজ় বনাম স্কটল্যান্ড ম্যাচের পরতে পরতে রইল নাটকীয়তা।

সন্দীপ সরকার, কলকাতা: ইডেনে (Eden Gardens) ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলবে, আর ম্যাচে নাটক হবে না, তা হয় নাকি!
ওয়েস্ট ইন্ডিজ় বনাম স্কটল্যান্ড ম্যাচের পরতে পরতে রইল নাটকীয়তা। শেষ হাসি দুবারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ক্যারিবিয়ানদের। যার নেপথ্যে রইলেন দুজন। একজন - শেমরন হেটমায়ার। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেন। ভারতীয় পিচ-পরিবেশ চেনেন হাতের তালুর মতো। ৩৬ বলে ৬৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ় ইনিংসকে টানলেন।
দ্বিতীয়জন, রোমারিও শেফার্ড। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরের সদস্য। ইডেনে হ্যাটট্রিক করলেন ক্যারিবিয়ান মিডিয়াম পেসার। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দশম হ্যাটট্রিক। ১৮ হাজার দর্শক খেলা দেখতে এসেছিলেন শনিবার। স্কটল্যান্ডের লড়াই আর ক্যারিবিয়ানদের শেষ লগ্নে বাজিমাত দেখে গেলেন তাঁরা। স্কটিশদের ৩৫ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে অভিযান শুরু করল ওয়েস্ট ইন্ডিজ়।
টি-২০ বিশ্বকাপে এর আগে ৯টি হ্যাটট্রিক হয়েছে। প্রথম হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। ২০০৭ সালে কেপ টাউনের সেই হ্যাটট্রিক ছিল বাংলাদেশের বিরুদ্ধে। চলতি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন শেফার্ড। করলেন এমন একটা দলের বিরুদ্ধে, বাংলাদেশ খেললে যাদের টি-২০ বিশ্বকাপে খেলার কথাই নয়। স্কটিশদের বিরুদ্ধে এক ওভারে নিলেন ৪ উইকেট।
ওয়েস্ট ইন্ডিজ়ের ১৮২/৫ স্কোর তাড়া করতে নেমে একটা সময় পর্যন্ত অঘটনের সম্ভাবনা জিইয়ে রেখেছিল স্কটল্যান্ড। ১৩ ওভারের শেষে তাদের স্কোর ছিল ১১৪/৩। ৭ ওভারে তখন আর ৬৯ রান চাই। ইডেনের দর্শকাসনের সকলে টানটান হয়ে বসে।
কিন্তু সেখান থেকেই ম্যাচ ঘুরল জেসন হোল্ডারের ওভারে। চতুর্থ উইকেটে ৪৭ বলে ৭২ রান যোগ করে ক্যারিবিয়ান শিবিরকে চাপে ফেলে দিয়েছিলেন রিচি বেরিংটন ও টম ব্রুস। ২৪ বলে ৪২ রান করে হোল্ডারের বলে বেরিংটন ফিরতেই ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ।
West Indies' timely breakthroughs set up their #T20WorldCup opener win against Scotland 👏
— T20 World Cup (@T20WorldCup) February 7, 2026
📝: https://t.co/0ixeqWCSRt pic.twitter.com/FzFNHmdxvu
১৭তম ওভারে মাত্র ১ রান দিয়ে চার উইকেট নেন শেফার্ড। পরপর তিন বলে ফেরান ম্যাথু ক্রস, মাইকেল লিস্ক ও সাফিয়ান শরিফকে। হ্যাটট্রিক হতেই উৎসবে মাতলেন তিনি। ব্রেট লি, কার্টিস ক্যাম্ফার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাগিসো রাবাডা, কে মইয়াপ্পন, জশ লিটল, প্যাট কামিন্স (২ বার) ও ক্রিস জর্ডনের পর নবম বোলার হিসাবে। সেই ওভারেই মার্ক ওয়াটকে ফেরান। সব মিলিয়ে ৩ ওভারে ২০ রান খরচ করে ৫ উইকেট শেফার্ডের।
১৮.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায় স্কটল্যান্ড। হারলেও, ইডেনের প্রশংসা অর্জন করে নিলেন স্কটিশরা।




















