Vaibhav Sooryavanshi: ৩৩১.৫৮ স্ট্রাইক রেটে ব্যাটিং, ডি ওয়াই পাতিল টুর্নামেন্টে ভয় ধরানো ব্যাটিং বৈভবের
Vaibhav Sooryavanshi: ২০২৫ আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান হাঁকিয়েছিল বৈভব। গোটা বিশ্বের নজরে এসেছিল সে। এরপর থেকে আর থামার লক্ষণ নেই।

নয়াদিল্লি: বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) থামতেই চাইছে না। ব্যাট হাতে পেলেই মারমুখি মেজাজে খেলা শুরু করে দিচ্ছে বিহারের বছর ১৪-র এই বাঁহাতি। আরও একবার রণংদেহী মূর্তি ধারণ করল সে। ডি ওয়াই পাতিল কাপ টুর্নামেন্টে (D Y Patil Cup) খেলছে বৈভব। সেখানেই ডি ওয়াই পাতিল ব্লু দলের হয়ে খেলতে নেমেছিল বৈভব সূর্যবংশী। সেখানেই ব্যাট হাতে ১৯ বলে ঝোড়ো ৬৩ রানের ইনিংস খেলে বাঁহাতি ওপেনার। আর এক মাস পরেই শুরু আইপিএল। তার আগে নিজের ছন্দ ধরে রাখল বৈভব। যা রাজস্থান রয়্যালস শিবিরের জন্য সত্যিই খুব স্বস্তির খবর।
২০২৫ আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান হাঁকিয়েছিল বৈভব। গোটা বিশ্বের নজরে এসেছিল সে। এরপর থেকে আর থামার লক্ষণ নেই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও ভারতের হয়ে ফাইনালে ঝোড়ো সেঞ্চুরি করেছিল বৈভব। ৮০ বলে ঝোড়ো ১৭৫ রান এসেছিল বৈভবের ব্যাট থেকে। ভয়ডরহীন ব্যাটিং, মাঠজুড়ে ছক্কা হাঁকানোয় ওস্তাদ বৈভব। এদিনের ইনিংস সে হাঁকিয়েছে ৭টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। এখনও পর্যন্ত যুব ওয়ান ডে-তে ২৫ ম্য়াচ খেলে এই ওপেনার ঝুলিতে পুরেছে ১৪১২ রান। ৫৬.৪৮ গড়ে ১৬৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সে।
১৮টি টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ৭০১ রান করেছে বৈভব। দুশোর ওপর স্ট্রাইক রেট। এদিনের ম্য়াচে ইন্ডিয়ান নেভি ২২০ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল। ব্যাট করতে নেমে কোনও সময় নষ্ট করেনি বৈভব। প্রথম চার বলেই ১৬ রান বোর্ডে তুলে দিয়েছিল। ১২ বলে ৪৩ রান করে ফেলেছিল সে। মাত্র ১৪ বলে অর্ধশতরান পূরণ করে বৈভব। শেষ পর্যন্ত যখন প্যাভিলিন ফিরছেন তখন তাঁর নামের পাশে স্ট্রাইক রেট দেখাচ্ছে ৩৩১.৫৮।
বৈভবের হাতে এতটাই পাওয়ার যে সেই পাওয়ার কিছুদিন আগে ফেটে গিয়েছিল জলের পাইপও। তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস একটি ভিডিও শেয়ার করেছে। বিস্ময় কিশোরের ব্যাটিং প্র্যাক্টিসের ভিডিও। ক্লিপে দেখা যাচ্ছে, স্কয়্যার লেগে সজোরে একটা পুল শট মারল বৈভব। অনেকটা দূরে গিয়ে জলের পাইপ ফাটিয়ে দেয় সেই শট। যেই ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রাজস্থান রয়্যালসের জার্সিতে নতুন মরশুমে ফের খেলতে দেখা যাবে বৈভবকে। আরও একবার বিস্ময় বালকের ব্যাটে ঝড় দেখতে প্রস্তুত ক্রিকেট প্রেমীরা।




















