Kohli On T20 World Cup: এই বিস্ফোরক ক্রিকেটের তুলনা হয় না...ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় দেখে উচ্ছ্বসিত কোহলি
India T20 World Champion: কোহলি মাঠে না থাকলেও, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যদের জন্য পাঠালেন অভিনন্দনবার্তা। ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন কিংগ কোহলি।

আমদাবাদ: তিনি বিশ্বক্রিকেটের কিংবদন্তি। ভারতের শেষ টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর। দু'বছর আগে ব্রিজটাউনে ভারত যে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ জিতেছিল, রোহিত শর্মার সেই দলের অন্যতম অস্ত্র ছিলেন। সেই বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক মঞ্চে টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। রোহিত ও রবীন্দ্র জাডেজার সঙ্গেই।
রোহিত রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম নিউজ়িল্যান্ড ম্যাচ দেখলেন। ম্যাচ দেখতে আমদাবাদে গিয়েছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনিও। যাঁর নেতৃত্বে প্রথম টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তবে কোহলিকে কোথাও দেখা যায়নি।
মাঠে না এলেও ম্যাচ দেখেছেন কোহলি। এবং ভারত তৃতীয় বিশ্বকাপ জেতার পরই প্রশংসায় ভরালেন টিম ইন্ডিয়ার সদস্যদের। কোহলি এক্স হ্যান্ডলে লিখলেন, 'চ্যাম্পিয়ন।' সঙ্গে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জেতার প্রতীক হিসাবে তিন তারাও আঁকলেন। কোহলি লিখলেন, 'আমদাবাদে ভারতের ঐতিহাসিক জয়। গোটা টুর্নামেন্টে যে বিস্ফোরক ক্রিকেট খেলেছি, তার কোনও তুলনা হয় না। ছেলেরা দারুণ চরিত্র দেখাল। কঠিন পরিস্থিতিতেও লড়াই করেছে। আবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। সব ক্রিকেটারকে অভিনন্দন। টিম ম্যানেজমেন্টের সকল সদস্যকে অভিনন্দন। দুর্দান্ত কৃতিত্ব। জয় হিন্দ।'
Champions ⭐️⭐️⭐️ Phenomenal win for Team India in Ahmedabad. Absolutely no match for the explosive cricket played by us throughout the tournament. Brilliant character shown by the boys to keep fighting in tough situations and become world champions once again. Congratulations to…
— Virat Kohli (@imVkohli) March 8, 2026
অভিশপ্ত শহরেই গৌরবের রাত। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে দুর্ভাগ্যের কাঁটা উপড়ে ফেলল ভারত। নিউজ়িল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টি-২০ ক্রিকেটে ফের বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তৈরি হল ইতিহাস। টি-২০ বিশ্বকাপে এর আগে কোনও দেশ পরপর দুবার চ্যাম্পিয়ন হয়নি। ২০২৪ সালের পর ২০২৬ - পরপর দুবার বিশ্বসেরার মুকুট জিতে রেকর্ডবুক নতুন করে লিখল ভারতীয় দল। সব মিলিয়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ শোভা পাবে মুম্বইয়ে ভারতীয় ক্রিকেটের সদর দফতরে।
ধোনি ও রোহিত আমাদাবাদে মাঠে বসে দেখলেন ভারতের বিশ্বজয়। ম্যাচের পর রোহিত মাঠে নেমে ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেন। কোহলি মাঠে না থাকলেও, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যদের জন্য পাঠালেন অভিনন্দনবার্তা। ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিলেন কিংগ কোহলি।



















