Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: সেমিফাইনালে আর্জেন্তিনার সামনে ইংল্যান্ড। যারা নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।

কানসাস সিটি: বিশ্বকাপে স্যুইৎজ়ারল্যান্ড মানেই যেন আর্জেন্তিনার কাছে প্রাণান্তকর পরিস্থিতি তৈরি করবে। সে ২০১৪ হোক, বা ২০২৬।
১২ বছর আগে বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালে এই স্যুইৎজ়ারল্যান্ডের বিরুদ্ধেই নির্ধারিত সময়ে আটকে গিয়েছিল আর্জেন্তিনা। খেলা গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটের মাথায় গোল করে যিনি লা আলবিসেলেস্তে শিবিরে স্বস্তি এনেছিলেন, তিনি এখন অবসর নিয়েছেন। সেই আঙ্খেল দি মারিয়া কি রবিবার সকালের ম্যাচ দেখতে বসে ভাবছিলেন যে, ২০১৪ সালের বিশ্বকাপের রিপ্লে দেখছেন না তো?
বিশ্বচ্যাম্পিয়নের খেতাব রক্ষার লড়াই এবার লিওনেল মেসিদের সামনে। তবে প্রি কোয়ার্টার ফাইনালে মিশরের কাছে হোঁচট খেতে হচ্ছিল। ০-২ গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের ম্যাজিকে ম্যাচ জিতেছিল। রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ছটায় শুরু হওয়া ম্যাচে চিত্রনাট্য একটু অন্যরকম ছিল। যে ম্যাচে শুরুতেই মেসির কর্নার থেকে ম্যাক অ্যালিস্টারের দুরন্ত হেডে করা গোলে আর্জেন্তিনা এগিয়ে গিয়েছিল। ম্যাচের বয়স তখন মোটে ১০ মিনিট। শুরুর ৮ মিনিট মেসির পায়ে বলই যায়নি। প্রথম ছোঁয়া ৮ মিনিটে। তারপরই আক্রমণের ঝড়। ২ মিনিটের মধ্যে গোল।
The fans have spoken – Julián Alvarez is your @MichelobUltra Superior Player of the Match! 👏#FIFAWorldCup #SuperiorPOTM pic.twitter.com/gG0OAALOVp
— FIFA World Cup (@FIFAWorldCup) July 12, 2026
কে ভাবতে পেরেছিলেন যে, সেই গোল পাওয়ার পরই খেলা থেকে ক্রমশ হারিয়ে যাবে নীল সাদা শিবির! আর দ্বিতীয়ার্ধে দাদ এনদোয়ে গোল করে স্কোরলাইন ১-১ করে দেবেন। এমিলিয়ানো মার্তিনেজ় দুরন্ত কয়েকটা সেভ করলেন বলে আরও বড় বিপদ এড়ানো গেল। আর্জেন্তিনার ফুটবলারদের কি একটু ক্লান্ত দেখাচ্ছে? প্রশ্ন তুলছেন ভক্তরাও।
তবে আর্জেন্তিনার সুবিধা হয়ে যায় ৭২ মিনিটে স্যুইস ফুটবলার ব্রেল এমবোলো লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ায়। প্রথমে ফাউল করায় লিয়েন্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেখারি। তবে ভার প্রযুক্তিতে দেখা যায়, পারেদেস নির্দোষ। বরং প্লে অ্য়াক্টিং করেছেন এমবোলো। নির্দিষ্ট নিয়ম মেনেই তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেন রেফারি।
ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ থাকায় ফয়সালার জন্য গড়াল অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে স্যুইস প্রতিরোধ ভেঙে গুঁড়িয়ে গেল অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে। ১১২ মিনিটে ম্যাচের সেরা গোলটা করলেন হুলিয়ান আলভারেস (Julian Alvarez)। স্যুইস বক্সের বাইরে থেকে ডানপায়ের জোরাল শটে সেকেন্ড পোস্টের কোন দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি। আর্জেন্তিনা এগিয়ে যায় ২-১। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে থিয়াগো আলমাদার শট স্যুইস গোলকিপার আটকে দিলে ফিরতি বলে গোল করে স্কোর ৩-১ করেন লউতারো মার্তিনেজ়।
সেমিফাইনালে আর্জেন্তিনার সামনে ইংল্যান্ড। যারা নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে।






















