East Bengal vs Inter Kashi: ২২ বছর পর ভারতসেরা হওয়ার সুযোগ, ইন্টার কাশি ম্যাচের আগে কীভাবে দলকে তাতাচ্ছেন অস্কার?
ISL: আর ২২ বছর পর ফের একবার ভারত সেরা হওয়ার সুযোগ ইস্টবেঙ্গল ক্লাবের সামনে। তার আগে দলের প্লেয়ারদের পেপটক দিচ্ছেন ইস্টবেঙ্গল হেডকোচ।

কলকাতা: ২০০৪ সালে শেষবার ভারতসেরা হয়েছিল লাল হলুদ ক্লাব। সেবার ন্যাশনাল ফুটবল লিগ জিতেছিল গঙ্গাপাড়ের ক্লাবটি। আর ২২ বছর পর ফের একবার ভারত সেরা হওয়ার সুযোগ ইস্টবেঙ্গল ক্লাবের সামনে। তার আগে দলের প্লেয়ারদের পেপটক দিচ্ছেন ইস্টবেঙ্গল হেডকোচ। খেলার আগের দিন অস্কার বলছেন, 'পাঁচটা দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে। কিন্তু আমরাই হয়ত কিছুটা এগিয়ে আছি। তাই নিজেদের খেলার দিকে নজর রাখতে বলছি। দলের প্রত্যেক প্লেয়ারকে বলেছি যে খেলার ৯০ মিনিট নিজেদের সেরাটা দাও। ডার্বি জিতে ছেলেরা আত্মবিশ্বাসী এখন অনেক। কিন্তু এখনও ছেলেদের খিদে একটুও কমেনি। ২২ বছর আমরা ভারতের সেরা ক্লাব হতে পারিনি। সেই সুযোগ এ বার পেয়েছি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না।'
গত ফেব্রুয়ারিতে দলের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন অস্কার। এরপর থেকে দলের বিভিন্ন ওঠাপড়ায় দলকে শক্তি জুগিয়েছেন। প্লেয়ারদের কাছের মানুষ হয়ে উঠেছেন ধীরে ধীরে অস্কার। চলতি মরশুমের পরই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন আগেই জানিয়েছিলেন। কিন্তু ক্লাব যদিও অস্কারকেই কোচ হিসেবে রেখে দিতে চায়। লাল হলুদ কোচ লাল হলুদের সমর্থকদেরও প্রশংসা করে বলছেন, 'এই ক্লাবের ৫০০ বা ১০০০ জন সমর্থক নয় কিন্তু। এই দলের লক্ষ লক্ষ সমর্থক রয়েছেন। তারা সারাক্ষণ ক্লাবের জন্য গলা ফাটান। কঠিন সময়েও সমর্থকরা আমাদের পাশে থেকেছেন সবসময়। তাদের জন্য়ই আমাদের ট্রফি জিততে হবে।'
কিশোর ভারতী স্টেডিয়ামে আজ সন্ধে ৭.৩০ থেকে ম্য়াচ শুরু। এই ম্য়াচে একদিকে যেমন জিতলেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে। অন্য়দিকে মোহনবাগান আশাবাদী যে ইস্টবেঙ্গল হারলে তারাও খেতাব দৌড়ে এগিয়ে যাবে। এই পরিস্থিতিতে মোহনবাগান চাইবে ইস্টবেঙ্গল যেন হেরে যায়। যুবভারতী স্টেডিয়ামে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান।
লাল হলুদের হয়ে তেকাঠির নীচে একসময় বহু ম্য়াচ জিতিয়েছেন অভিজিৎ মণ্ডল। এবার সেই অভিজিৎই এখন ইন্টার কাশির কোচের দায়িত্বে। আজ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামবে তাঁর ছেলেরা। অভিজিৎ আশাবাদী যে লাল হলুদ শিবিরের বিরুদ্ধে অনামী ইন্টার কাশি ভাল খেলবে। এর আগে মোহনবাগানকেও আটকে দিয়েছিল ইন্টার কাশি। এরপর এবার লাল হলুদের বিরুদ্ধেও দারুণ পারফর্ম করবে দল, এই বিষয়ে আশাবাদী ইন্টার কাশির ছেলেরা। লাল হলুদের বিরুদ্ধে নামার আগে সবাই আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন অভিজিৎ।





















