East Bengal: 'ইস্টবেঙ্গল হৃদয়ে থাকবে', লাল-হলুদ ক্লাবের সঙ্গে সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করলেন অস্কার
Oscar Bruzon: সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন অস্কার।

কলকাতা: তিনি ইস্টবেঙ্গলকে (East Bengal) ফের ভারতসেরা করেছেন। তাঁর প্রশিক্ষণে প্রথমবার আইএসএল জয়ের স্বাদ পেয়েছে লাল-হলুদ শিবির। উৎসবে মেতেছেন ইস্টবেঙ্গলের ভক্ত সমর্থকেরা। লাল-হলুদ আবির উড়েছে ময়দানে।
সেই অস্কার ব্রুজো (Oscar Bruzon) এবার ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন সমাজমাধ্যমে। সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন অস্কার। নিজের ইনস্টাগ্রামে অস্কার লিখেছেন, 'অত্যন্ত আবেগের সঙ্গে আমি এই কথাগুলো আপনাদের লিখছি। আমাগো ফ্যান্স, আপনারাই ইস্টবেঙ্গলের হৃদয় ও মনন। এই মরশুমটি আমি আজীবন মনে রাখব। ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়ন হওয়া ছিল এক ঐতিহাসিক জয়, এবং সিনিয়র দলের সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তি এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব দাবি করতে পারে। তাঁরা অসাধারণ পেশাদার এবং তার চেয়েও বড় কথা, প্রত্যেকে দারুণ মানুষ।'
Instagram-এ এই পোস্টটি দেখুন
অস্কার আরও লিখেছেন, 'আমরা আরও দুটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলাম - আইএফএ শিল্ড এবং সুপার কাপ। দুর্ভাগ্যবশত, দুটি ম্যাচই টাইব্রেকারে হেরে গিয়েছিলাম। সেই পরাজয় খুব কষ্ট দিয়েছিল, কিন্তু সেই ধাক্কা সামলে উঠে যে চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক শক্তি এই দল দেখিয়েছে এবং শেষ পর্যন্ত আইএসএল জিতেছে, তা আমাদের সকলের কাছে গর্বের।'
এরপরই অস্কার জানান যে, তাঁর সঙ্গে গতকাল, রবিবার চুক্তির মেয়াদ শেষ হয়েছে ইস্টবেঙ্গলের। লেখেন, 'মরশুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ৩১ মে অনেক খেলোয়াড় ও কোচিং স্টাফের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফুটবল অনেক সময় জীবনের মতোই। স্থিতিশীলতা এবং সময়োপযোগী দৃঢ় সিদ্ধান্ত ছাড়া কোনও সফল ক্রীড়া প্রকল্প সাফল্য অর্জন করতে পারে না। তাই, এক মাস আগে সাংবাদিক বৈঠক করে আমি, আদ্রিয়ান এবং জ়েভিয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আর ইস্টবেঙ্গলে কাজ করব না।'
আরও পড়ুন: ভারতে কোথায় দেখানো হবে ফুটবল বিশ্বকাপ? ৮ বছর সমস্ত ফিফা টুর্নামেন্ট সম্প্রচার করার চুক্তি
অস্কার লিখেছেন, 'এই সফরের অংশ হওয়া প্রতিটি খেলোয়াড়, স্টাফ, সদস্য, ইমামি, ক্লাব কর্মকর্তা এবং সমর্থকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা আপনাদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, এবং আশা করি আমরাও আপনাদের গর্ব করার মতো কিছু ফিরিয়ে দিতে পেরেছি। ইস্টবেঙ্গল সবসময়ে আমার হৃদয়ে থাকবে।'





















