FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
New Jersey Stadium: বিশ্বকাপ ফাইনালের মাঠ বিক্রি করা হবে? আর তা থেকেই আয় হবে বিশাল অঙ্কের অর্থ?

নিউ জার্সি: বিশ্বকাপ ফাইনালের মাঠ বিক্রি করা হবে? আর তা থেকেই আয় হবে বিশাল অঙ্কের অর্থ?
এমনই পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা (FIFA) । বিশ্বকাপ ফাইনাল শেষ হয়ে যাওয়ার পরই নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের মাটি টুকরো টুকরো করে বিক্রি করা হবে । টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পরেও যা থেকে বড় টাকা উপার্জন করার সুযোগ থাকছে ফিফার ।
ফিফা সূত্রে খবর, মাঠের মাটির প্রতিটি টুকরো ৪৫০ ডলার করে দামে বিক্রি করা হবে । ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৩ হাজার টাকা! শনিবার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, ফাইনাল শেষ হওয়ার পরই এই উদ্যোগ নেওয়া হবে ।
যদিও নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামের মাঠের গুণগত মান নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন বিভিন্ন দলের ফুটবলার ও কোচেরা । এনএফএলে নিউ ইয়র্ক জায়ান্টস ও জেটসের ম্যাচ এই মাঠে করা হয় কৃত্রিম টার্ফের ওপর । বিশ্বকাপের জন্য এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে নিউ জার্সি নিউ ইয়র্ক স্টেডিয়াম ।
আমেরিকা, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এবারের বিশ্বকাপের টিকিটের দাম আকাশছোঁয়া রাখা হয়েছে বলে এমনিতেও ফিফাকে কাঠগড়ায় তুলছেন অনেকে । পাশাপাশি মাঠের অংশ বিক্রি করে ১১ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১২৫ কোটি টাকা) উপার্জন করবে ফিফা ।
ফিফা বিবৃতি দিয়ে জানিয়েছে, ২০২৬ সালের বিশ্বকাপের ইতিহাসকে নিজের কাছে রাখার সুযোগ পাওয়া যাচ্ছে । মাঠের টুকরো কাচের বাক্সে সংরক্ষিত করে বিক্রি করা হবে । সংগ্রহ করে রাখার মতো জিনিস সঙ্গে রাখতে পারবেন ফুটবলপ্রেমীরা ।
আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সাড়ে সতেরো বাই সাড়ে সতেরো বাই সাড়ে সতেরো মাপের মাঠের টুকরো বিক্রি করা হবে । তবে মাপটি ইঞ্চিতে, সেন্টিমিটার নাকি মিলিমিটারে, তা স্পষ্ট করে বলা হয়নি ।
One month since the #FIFAWorldCup kicked off... 💭
— FIFA World Cup (@FIFAWorldCup) July 11, 2026
📸 11.06.2026 pic.twitter.com/fU5v91fiXn
তবে শুধুমাত্র আমেরিকা ও ইউরোপের কেউ চাইলেই এই মাঠের টুকরো কিনতে পারবেন । ফিফা ক্রেতাদের ঠিকানায় ডেলিভারি করার ব্যবস্থা করেছে । ফাইনালের আগে অর্ডার করা যাবে না বলেও জানিয়েছে তারা ।
আরও পড়ুন: নরওয়ে রূপকথার সমাপ্তি, বেলিংহ্যামের জোড়া গোলে পিছিয়ে থেকেও রুদ্ধশ্বাস জয় ইংল্যান্ডের






















