World Cup Football: চিন্তার কোনও কারণই নেই, অল্প খরচেই দেখতে পারবেন বিশ্বকাপ ফুটবলের ম্য়াচ
2026 FIFA World Cup: রেকর্ড ৪৮টি দল এবার টুর্নামেন্টে অংশ নিতে চলেছে। মোট ১০৪টি ম্য়াচ এবার খেলা হবে। ১১ জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী ১৯ জুন পর্যন্ত।

নিউ ইয়র্ক: ফুটবল বিশ্বকাপের (World Cup Football 2026) ইতিহাসে এত বড় আসর কোনও বছর বসেনি। রেকর্ড ৪৮টি দল এবার টুর্নামেন্টে অংশ নিতে চলেছে। মোট ১০৪টি ম্য়াচ এবার খেলা হবে। ১১ জুন থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। গোটা বিশ্বের নজর থাকবে এই বিশ্বকাপের দিকে। সেই তালিকায় নিশ্চিতভাবেই আছেন কোটি কোটি ভারতীয় ফুটবলপ্রেমীও। কিন্তু তাঁদের সবার একটাই প্রশ্ন যে কোথায়, কত কম খরচে বিশ্বকাপের ম্য়াচগুলো দেখা যাবে। সেক্ষেত্রে সম্ভাব্য উপায়গুলো তুলে ধরা হল ---
যাঁরা যাঁরা ACT Fibernet ব্যবহার করেন, তাঁরা ZEE5 Premium-এর ১ মাসের বিনামূল্যে সাবস্ক্রিপশন পেতে পারেন। এখানেই ম্য়াচগুলোর লাইভ স্ট্রিম হবে হয়ত। এক্ষেত্রে ACT পোর্টালে লগ ইন করার পরে OTP ব্যবহার করে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে হবে ও অফারটি সক্রিয় করতে হবে। একবার সম্পন্ন হলে, সাবস্ক্রিপশনটি সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে যাবে।
এছাড়া Jio প্রিপেইড ব্যবহারকারীরা JioTV অ্যাপের মাধ্যমে ZEE5 কনটেন্ট অ্যাক্সেস করতে পারেন। ভারতের মাটিতে বিশ্বকাপ ফুটবলের ম্য়াচগুলো দেখানোর জন্য ‘জি এন্টারটেইনমেন্ট’ সবকটি ম্যাচের সরাসরি সম্প্রচারের অধিকার অর্জন করেছে। এছাড়া Unite8 Sports নেটওয়ার্কের ৪টি নতুন স্পোর্টস চ্যানেলের মাধ্যমে টিভিতে সরাসরি খেলা উপভোগ করতে পারবেন। সরাসরি ZEE5 সাবস্ক্রিপশন প্রায় ৯৯ টাকা থেকে শুরু হয়। যার ফলেও খুবই অল্প খরচে বিশ্বকাপ ফুটবলের ম্য়াচগুলো উপভোগ করতে পারবেন ভারতের ফুটবলপ্রেমীরা।
এদিকে, এবারের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর আগেই কিছু কড়া সিদ্ধান্তের পথে হাঁটছে ফিফা। সদ্যই বৈষম্য, ফুটবল মাঠে সময় নষ্টের মতো একাধিক বিষয়গুলিকে সামাল দেওয়ার জন্য না না নিয়ম লাগু করার প্রস্তাব আনা হয়েছিল। এবার সেই নিয়মগুলি নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিশ্বকাপে বিভিন্ন নতুন, কিছু পরিবর্তিত নিয়ম লাগু হবে। কী সেই নিয়মগুলি? উল্লেখযোগ্য যে নিয়মটি এবার থাকবে তা হল এবার থেকে নতুন নিয়মাবলী অনুযায়ী কেউ যদি মাঠেই ঝামেলার মাঝে হাত, শার্ট বা কোনও কিছু দিয়েই ইচ্ছাকৃতভাবে নিজের মুখ ঢাকেন, তাঁকে সরাসরি লাল কার্ড দেওয়া হতে পারে। এইভাবে মুখ ঢেকেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্য়াচে বেনফিকার জিয়ানলুকা প্রেসটিয়ান্নি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






















