Neymar Jr: ফের চোটের কবলে নেমার, নেই প্রস্তুতি পর্বের ম্যাচে, আদৌ বিশ্বকাপে খেলবেন তো ব্রাজিলিয়ান তারকা?
FIFA World Cup 2026: ব্রাজিলের শেষ ম্যাচগুলির সময় তাঁকে দলে ডাকা না হলেও, বিশ্বকাপের ২৬ জনে ব্রাজিল স্কোয়াডে কার্লো আনসেলোত্তিকে নেমারকে সুযোগ দেন।

ব্রাসিলিয়া: প্রায় আড়াই দশক পরে অবশেষে বিশ্বকাপ জয়ের অপেক্ষা শেষ করতে মরিয়া ব্রাজিল দল (Brazil Football Team) এবারের মেগা টুর্নামেন্টে (FIFA World Cup 2026) কার্লো আনসেলোত্তির কোচিংয়ে মাঠে নামবে। দলের এই লম্বা অপেক্ষা শেষ করার জন্য যাঁর দিকে ব্রাজিলিয়ানরা সবথেকে বেশি করে তাকিয়ে রয়েছেন, তিনি নেমার জুনিয়র (Neymar Jr)। তবে সেই তারকা ফরোয়ার্ডকে নিয়েই বিশ্বকাপের আগে উদ্বেগ বাড়ল।
নেমারের বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়েই প্রবল সংশয় ছিল। তিনি চোট আঘাতে ভুগছিলেন। ব্রাজিলের শেষ ম্যাচগুলির সময়ও তাঁকে দলে ডাকা হয়নি। এমনকী তাঁর এসিএল ছিঁড়ে যাওয়ার পর ২০২৩ সালের অক্টোবরের পর থেকে নেমার সেলেসাওয়ের হয়ে মাঠেই নামেননি। তবে আনসেলোত্তির তাঁর ওপর আস্থা রেখে নেমারকে ২৬ জনের বিশ্বকাপ দলে সুযোগ দেন। ২৭ মে থেকে ব্রাজিলিয়ান ফুটবল দল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে এবং নেমার সেই অনুশীলন শিবিরে যোগও দেন। তবে তাঁর কয়েক ঘণ্টা পরেই দুঃসংবাদ সামনে আসে।
নেমার অনুশীলনে যোগ দেওয়ার খানিক পরেই ব্রাজিলিয়ান ফেডারেশনের তরফে জানানো হয় কিছু অস্বস্তির কারণে নেমার অনুশীলন করতে পারছেন না। তাঁর ডান পেশি ফুলে গিয়েছে বলে নেমার অভিযোগ করেন, তবে টেরেসোপলিসের এক ক্লিনিকে এমআরআই করে দেখা যায় পরিস্থিতি আরও গুরুতর।
আরও পড়ুন:- পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
নেমারের গ্রেড ২ পেশির স্ট্রেন হয়েছে এবং হালকা পেশি ছিঁড়েও গিয়েছে, যা সারতে বিশ্রাম এবং রিহ্যাবের প্রয়োজন। অন্তত দুই থেকে তিন সপ্তাহ ৩৪ বছর বয়সি মহাতারকা ফুটবলার মাঠের বাইরে থাকবেন। এর ফলে পানামা এবং মিশরের বিরুদ্ধে নেমারের প্রস্তুতি ম্যাচগুলিতে তো খেলা হচ্ছেই না, এমনকী তাঁর পক্ষে মরক্কোর বিরুদ্ধে ১৩ জুন নিউ জার্সিতে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলাও প্রায় অসম্ভব বলেই স্পষ্ট ইঙ্গিত দেন সেলেসাও দলের ডাক্তার রদ্রিগো লেমার।
এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান সমর্থকদের উদ্বেগ এবং কোচ আনসেলোত্তির চাপ, দুইয়ে যে বাড়ল, তা বলাই বাহুল্য। নেমারের চতুর্থবার বিশ্বকাপ খেলে তাঁর দেশকে বিশ্বজয়ী করার স্বপ্ন ক্রমেই ফিঁকে হয়ে আসছে। ১ জুন পর্যন্ত ব্রাজিলের হাতে দলে বদল ঘটানোর সময় রয়েছে বটে। আনসেলোত্তির হাতে চেলসির হয়ে এ মরশুমে ভাল পারফর্ম করে ২০টি গোল করা জাও পেদ্রোর মতো বিকল্পও রয়েছে। তিনি শেষ পর্যন্ত নেমারের উপর ভরসা রাখেন না বদল ঘটান, সেটা সময়ই বলবে।





















