FIFA World Cup: ভারতে কোথায় দেখানো হবে ফুটবল বিশ্বকাপ? ৮ বছর সমস্ত ফিফা টুর্নামেন্ট সম্প্রচার করার চুক্তি
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে জট কাটল। চূড়ান্ত হয়ে গেল, কীভাবে, কারা ভারতে দেখাবে ফুটবল বিশ্বকাপ।

কলকাতা: অবশেষে স্বস্তি ভারতীয় ফুটবলপ্রেমীদের। ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে জট কাটল। চূড়ান্ত হয়ে গেল, কীভাবে, কারা ভারতে দেখাবে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)।
সোমবারই চূড়ান্ত হয়ে গেল যে, জ়ি এন্টারটেনমেন্ট ভারতে দেখাবে এবারের ফুটবল বিশ্বকাপ। কয়েক মাসের অনিশ্চয়তার অবসান ঘটল। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক ১০ দিন আগে জানা গেল, কোথায় দেখানো হবে খেলা। ১১ জুন শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে ম্যাচগুলি। তবে ভারতে কেউই এই টুর্নামেন্ট দেখানোর আগ্রহ দেখায়নি শুরুতে। দীর্ঘ টালবাহানা, সরকারের কাছে হস্তক্ষেপের দাবি, সব মিলিয়ে অবশেষে কাটল জট।
ভারত এমনিতেই ফিফার জন্য অন্যতম বড় বাজার। যদিও এখানে কারা ম্যাচ দেখাবে, তা নিয়ে জট ছিল। শেষ পর্যন্ত জ়ি এন্টারটেনমেন্টের সঙ্গে চুক্তি সম্পন্ন হল। তবে শুধু এবারের ফুটবল বিশ্বকাপ নয়, ২০৩৪ সাল পর্যন্ত ৮ বছর ধরে ৩৮টি ফিফা পরিচালিত ইভেন্ট দেখাবে জ়ি। আন্তর্জাতিক ফুটবলকে দেশের মানুষের দোরগোড়ায় হাজির করার বড় সুযোগ পেল তারা।
কত টাকায় হল চুক্তি?
চুক্তির অঙ্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। তবে সংবাদসংস্থা রয়টার্স কিছুদিন আগেই একটি প্রতিবেদনে জানিয়েছিল যে, ফিফা শুরুতে ২০২৬ ও ২০৩০ - দুটি বিশ্বকাপ দেখানোর জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করতে চেয়েছিল। কিন্তু কোনও বড় সম্প্রচারকারী সংস্থা রাজি না হওয়ায় সেই অঙ্ক অনেকটা কমেছে বলেই খবর। শোনা যাচ্ছে, ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ সম্প্রচারের জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলারে চুক্তি সম্পন্ন করতে রাজি হয়েছে ফিফা।
ভারতে খেলা সম্প্রচারকারী নামী সংস্থা জিওস্টার ভায়াকম এইট্টিনের মাধ্যমে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ সম্প্রচার করেছিল। শোনা গিয়েছে, তারা ২০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত দিতে রাজি হয়েছিল। তবে ফিফা সেই প্রস্তাব খারিজ করে দেয়। ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ দেখিয়েছিল যারা, সেই সোনিও কথাবার্তা শুরু করেছিল। তবে দরপত্র জমা করেনি।
তবে জট কাটায় ভারতের ফুটবলপ্রেমীরা অবশেষে ৪৮ দলের বিশ্বকাপ দেখতে পারবেন। ইতিহাসে এই প্রথম এতগুলি দেশকে নিয়ে হচ্ছে বিশ্বকাপ।
নতুন স্পোর্টস চ্যানেল
জ়ি এন্টারটেনমেন্ট শুধু খেলাধুলোর সম্প্রচারের জন্য চারটি নতুন স্পোর্টস চ্যানেল নিয়ে এসেছে। ইউনাইট এইট স্পোর্টস ওয়ান, ইউনাইট এইট স্পোর্টস ওয়ান এইচডি, ইউনাইট এইট স্পোর্টস টু এবং ইউনাইট এইট স্পোর্টস টু এইচডি।
আরও পড়ুন: কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়





















