Kunal Ghosh: মোহনবাগান ক্লাবের সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ
Mohuna Bagan Supergiants: নিজেই সোশ্য়াল মিডিয়া পোস্টে সে কথা উল্লেখ করেছেন তিনি। যদি হঠাৎ এই সিদ্ধান্তের পেছন পুরোটাই ব্যক্তিগত কারণ বলে উল্লেখ করেছেন কুণাল ঘোষ।

কলকাতা: প্রথমবার নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে ভোটে জিতেছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে এখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। এবার মোহনবাগান ক্লাবের সহ সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কুণাল ঘোষ। নিজেই সোশ্য়াল মিডিয়া পোস্টে সে কথা উল্লেখ করেছেন তিনি। যদি হঠাৎ এই সিদ্ধান্তের পেছন পুরোটাই ব্যক্তিগত কারণ বলে উল্লেখ করেছেন কুণাল ঘোষ।
নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে দুটো ছবি সহ কুণাল ঘোষ লিখেছেন, 'প্রিয় মোহনবাগান ক্লাবের সহসভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছি। ব্যক্তিগত কারণ। কেউ আমাকে এবিষয়ে একটি কথাও বলেননি। দু দফায় এই ঐতিহ্যশালী ক্লাবের সহ সভাপতি হতে পারায় আমি ধন্য।'
নিজের পোস্টের সঙ্গে দুটো ছবিও পোস্ট করেছেন কুণাল ঘোষ একটি ১৯৮৫ সালে মোহনবাগান মাঠের ও একটি ২০২৫ সালে স্কটল্যান্ডে। মাননীয় সভাপতি দেবাশিস দত্তকে লেখা ইস্তফার বয়ানে কুণাল ঘোষ লিখেছেন, 'মোহনবাগানের মত ঐতিহ্যশালী ক্লাবের সহ সভাপতি হিসেবে আমি দু'দফায় কাজ করার সুযোগ পাওয়ায় আমি ধন্য ও কৃতজ্ঞ। জ্ঞান হওয়া থেকে আমি মোহনবাগান। আমার হাঁটা শেখাও এই লনে। বাল্য, কৈশোর থেকে মাঠের গ্যালারিতে। ক্লাব সাসপেনশনের মুখে পড়ার সময় সমর্থকদের বিপুল সই নিয়ে মানসদা, বিদেশদা, আমি দিল্লিতে এআইএফএফ দপ্তরে গিয়ে বৈঠকও চোখের উপর ভাসে। পরে সহ সভাপতি হিসেবেও সাধ্যমত গঠনমূলক কাজে সঙ্গে থাকার চেষ্টা করেছি। সেই কাজ করতেও ভালো লেগেছে। আমার প্রস্তাবমত ক্লাবে 'স্পোর্টস লাইব্রেরি' চালু করায় আপনাকে ধন্যবাদও জানাই। এখন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে সহসভাপতির পদ থেকে ইস্তফা দিচ্ছি। আমি মোহনবাগান সদস্য, সমর্থক হিসেবেই থাকব। দয়া করে ইস্তফা গ্রহণ করবেন।





















