Lionel Messi Event Vandalism: অসুস্থতার কারণ দেখিয়ে মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস, সময় চাইলেন ২ সপ্তাহ
Aroop Biswas: ধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন।

কলকাতা: মেসিকাণ্ডে হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস। আগামী ৫ তারিখের মধ্যে অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে নোটিস পাঠানো হয়। বিধাননগর দক্ষিণ থানায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছিল। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরার জন্য ২ সপ্তাহ সময় চেয়েছেন অরূপ বিশ্বাস। শতদ্রু দত্তর অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছিল।
উল্লেখ্য, জেল থেকে ছাড়া পাওয়ার পরই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দিকে আঙুল তুলেছিলেন। এরপর অরূপ বিশ্বাস ও জুঁই বিশ্বাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। তৎকালীন DGP রাজীব কুমারের বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য়, সরকার বদলের পরই খুলছে মেসিকাণ্ডের ফাইল!
ঠিক কী হয়েছিল সেদিন?
যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। কার্যত ঘাড়ে উঠে মেসির সঙ্গে ছবি তোলার নির্লজ্জ প্রচেষ্টা করেন নেতা, মন্ত্রী, VVIP ও তাঁদের পরিবারের সদস্যরা। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নেতা-মন্ত্রীদের উপদ্রবে মাত্র ১৫-২০ মিনিট পরেই মাঠ ছাড়েন মেসিরা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। তারপরই গ্যালারি থেকে বোতল ছোড়া, মাঠে ঢুকে তাণ্ডব, ভাঙচুর চালানো হয়। কিন্তু অনুমতি ছাড়া এত দর্শক মাঠে ঢুকলেন কীভাবে? তাঁদের কাছে জলের বোতলই বা কোথা থেকে এল? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়।
এই বিষয়ে শতদ্রু দত্ত জানিয়েছিলেন, 'আমার অনুষ্ঠানটাকে সাবোতাজ করা হয়েছিল। শো ফ্লোতে অরূপ বিশ্বাস ছিল না। এই যে মাঠে ঢুকে, আর এত লোক ঢুকল, অরূপ বিশ্বাসের এত নিরাপত্তারক্ষী, এত ইউটিউবার কী করে ঢুকল? তার মানে আমার যে প্রোগ্রামটা উনি ডিরেল করবেন বলেই এটা করেছেন। আমি ওঁকে অ্যাক্সেস কার্ড দেওয়া বন্ধ করেছিলাম। উনি তারপর আমাকে হুমকি দিয়েছিলেন, মাঠটা আমার, আমি দেখে নেব।'
বিজেপি সরকার গঠন করার পর ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের মন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, 'মেসিকাণ্ডে. এটা আমাদের প্রত্যেকের জন্য দুঃখজনক। আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব। প্রয়োজন হলে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আপনাদের জানাব। যে সংস্থা টিকিট বিক্রি করেছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত একটা নিশ্চিত ভাবে হবে।' এরপরই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শতদ্রু দত্ত।






















