Messi Final Match: 'ভীষণ কষ্ট হবে, মাঠ ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না,' মেসির বিদায়ী ভাষণে ফুটবলপ্রেমীদের চোখে জল
Argentina Football Team: বেনিনের বিরুদ্ধে শেষ ম্যাচেও গোল করলেন, করালেন। তাঁরে বিদায়ী ভাষণে আবেগে ভাসল গোটা ফুটবল বিশ্ব। কী বললেন মেসি? তুলে ধরা হল হুবহু...

বুয়েনস আইরেস: আর্জেন্তিনার জার্সিতে দীর্ঘ ২১ বছরের সফর শেষ হল। নীল-সাদা জার্সি চিরতরে তুলে রাখলেন লিওনেল মেসি। বেনিনের বিরুদ্ধে শেষ ম্যাচেও গোল করলেন, করালেন। তাঁর বিদায়ী ভাষণে আবেগে ভাসল গোটা ফুটবল বিশ্ব। কী বললেন মেসি? তুলে ধরা হল হুবহু...
"আজ কিছু বলা কঠিন। আমার মনে আবেগে এত ভরপুর, এত কিছু ভাবছি। প্রথমেই মনে পড়ছে আমার বাবার কথা। আমি শুধু কৃজ্ঞতাই জানাতে পারি। যেটা আমার বিদায়ী চিঠিতেও লিখেছিলাম। ২০ বছরেরও বেশি সময় ধরে এই জার্সি পরা ভীষণ সম্মানের। অসম্ভব খারাপ মুহূর্তেও লড়াই থামাইনি। কখনও নিজের সর্বস্ব দেওয়া আটকাইনি। আর কখনও মাঠে নামব না ভাবলে প্রবল কষ্ট হচ্ছে। আমি শপথ করে বলছি আজীবন আর্জেন্তিনার হয়ে মাঠে নামতে চাই। কারণ আর্জেন্তিনার জার্সি পরা জীবনের সেরা মুহূর্ত।"
"তবে এটাই সেরা সময় বিদায় জানানোর। শেষ বিশ্বকাপটা আমার জন্য অনেক কিছু ছিল। আমরা আবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম। খুব কাছাকাছি এসেছিলাম। আর সত্যিটা হল, অস্বাভাবিক কিছু হয়নি। আমরা সর্বস্ব দিয়েছিলাম। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমাদের নিংড়ে নিয়েছিল। শারীরিকভাবে ও মানসিকভাবে। সত্যিটা হল, আমরা শেষ পর্যন্ত জিতেছিলাম। আমরা ঠিক সেরকম লড়াই করেছি, যা এই জার্সি পরে প্রত্যেক মুহূর্তে করে গিয়েছি। সকল সতীর্থ মিলে, যাদের সঙ্গে খেলেছি। বলতে দ্বিধা নেই যে, আমার সব সতীর্থরা এই জার্সিটার জন্য সর্বস্ব দিয়েছে।"
"এখানে (বুয়েনস আইরেসে) খেলার দিনগুলির অভাব আমি টের পাব। আমি গোটা দেশে খেলার মতো ভাগ্যবান হয়ে এসেছিলাম। সর্বত্র ভালবাসা পেয়েছি। যা পেয়েছি, আমি কৃতজ্ঞ। আমি যেখানেই খেলতে গিয়েছি, সব সময় কানায় কানায় উপচে পড়া স্টেডিয়াম পেয়েছি। সে যে ম্যাচই হোক - বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা, সমর্থকেরা সর্বত্র থেকেছেন, যেটা আমি জানি বেশ কঠিন। যেখানেই খেলি না কেন, মনে হয়েছে দেশের মাটিতে খেলছি। সত্যি সেটা অনুভব করেছি।"
"আমার কেরিয়ারের অন্যতম সেরা দিনগুলি কেটেছে এখানে। বিশ্বকাপ জেতার পরই এখানে খেলেছিলাম। জীবনেও ভুলব না সেদিন যা অভিজ্ঞতা হয়েছিল। সুন্দর মুহূর্ত। আজও আমি সেই দিনের ভিডিও দেখি আর আবেগে ভাসি। আমার ইতিহাসে লেখা থাকবে সেই দিন। আমার পরিবারের ইতিহাসেও। দর্শনীয় দিন ছিল। ধন্যবাদ।"
"আজ আবার এই মাঠে ফিরলাম। আজ অবশ্যই আমার কেরিয়ারের সবচেয়ে দুঃখের দিন। কারণ এই দিনই আমি জাতীয় দলকে আর আপনাদের বিদায় জানাচ্ছি। জাতীয় দলের সম্মানের জন্য লড়াই করাকে মিস করব। তবে আমি ওদের সঙ্গেই আছি। আপনাদের সকলের সঙ্গে আছি। ভবিষ্যতে যা হবে, সব সময় পাশে থাকব। একত্রিত থাকব।"
"এটা তো প্রমাণিত যে আমরা এককাট্টা থাকলে বিশ্বের যে কোনও দেশের চেয়ে শক্তিশালী। কঠিন সময় আসছে সেটা নিশ্চিত কারণ আমরা সম্প্রতি যা অর্জন করেছি তা করা স্বাভাবিক নয়। আর সেই কঠিন সময়ে আমাদের আরও সমর্থন করে যেতে হবে। বড় লক্ষ্য অর্জন করতে হলে আমাদের শক্তিশালী, ঐক্যবদ্ধ দল তৈরি করতে হবে। কারণ এমন মানুষ আছেন যারা আর্জেন্তিনার ব্যর্থতা দেখতে চান। সেই সন্তুষ্টির সুযোগ দিলে চলবে না।"
আরও পড়ুন: আগরকরের বদলি চেয়ে বিজ্ঞপ্তি জারি বোর্ডের, ভারতীয় দলের নির্বাচক হতে গেলে কী যোগ্যতা লাগবে?
"খারাপ সময়ে, কঠিন সময়ে বোঝা যায় একটা দল কীরকম। দল শক্ত না হলে কোনও কিছু অর্জন করা সহজ নয়। আর আমরা ছিলাম অসাধারণ একটা দল। আর সেই কারণেই এত কিছু পেয়েছি।"
"আমি মনে হয় এত কথা কখনও বলিনি। আমি ছেড়ে যেতে চাই না। মাঠ ছাড়তে চাই না। আমি আপনাদের সকলকে ভালবাসি। খুব মিস করব। আর্জেন্তিনায় জন্ম নিয়েছি বলে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর্জেন্তিনীয় হিসাবে আমি গর্বিত। নিজের আর আপনাদের সকলের স্বপ্নপূরণ করেছি।"
"আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আপনাদের ভালবাসি।"























