Premier League: ম্যান সিটি কোচ হিসাবে গুয়ার্দিওলার সরে দাঁড়ানোর দিনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্বে নিলেন ক্যারিক
Football News: এক দশক পর সিটির কোচের পদ থেকে সরছেন গুয়ার্দিওলা, অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে ভাল পারফর্ম করে ইউনাইটেডের দায়িত্ব পেলেন ক্যারিক।

ম্যাঞ্চেস্টার: একইদিনে ম্যাঞ্চেস্টারের দুই অর্ধে দুই ছবি। ইউনাইটেডে যেখানে এক নতুন অধ্যায়ের সূচনা হল, সেখানে ওইদিনই সিটির অর্ধে এক দশকের স্বর্ণযুগের অবসান ঘটল। কথা হচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এবং ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) ম্যানেজারদের নিয়ে। আজই ম্যান সিটির কোচ হিসাবে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) সরে দাঁড়ানোর কথা সরকারিভাবে ঘোষণা করা হয়। অপরদিকে, সেইদিনই পাকাপাকিভাবে কোচ হিসাবে ইউনাইটেডের দায়িত্ব নিলেন মাইকেল ক্যারিক (Michael Carrick)।
রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর এ বছরের জানুয়ারি মাসেই রেড ডেভিসদের দায়িত্ব নেন। অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব নিয়ে দলের প্রাক্তন মিডফিল্ডার ইউনাইটেডকে তো চ্যাম্পিয়ন্স লিগে ফিরিয়েছেনই পাশাপাশি তাঁদের ধারাবাহিকতাও চোখধাঁধানো। ক্যারিক দলের রিমোট কন্ট্রোল হাতে তুলে নেওয়ার পরেই ১৬ ম্যাচের ১১টিতে জয় পেয়েছে ম্যান ইউনাইটেড। তাঁর আগমনের পর থেকে প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বাধিক পয়েন্টও পেয়েছে রেড ডেভিলসরা।
Michael Carrick will continue as @ManUtd's head coach, signing a new contract which will run to 2028 ✍️ pic.twitter.com/1A88OhxfWv
— Premier League (@premierleague) May 22, 2026
স্বাভাবিকভাবেই এই ভাল পারফরম্যান্সেরই সুফল পেলেন ক্যারিক। ২০২৮ সাল পর্যন্ত, দুই বছরের চুক্তিতে ক্যারিককে ম্যান ইউনাইটেডের দায়িত্ব দেওয়া হল। ইউনাইটেডের কোচ হওয়াটা অত্যন্ত গর্বের বিষয় বলেই স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ক্যারিক। পাশাপাশি তিনি এও জানিয়ে দেন যে ম্যান ইউনাইটেডের সবথেকে বড় বড় খেতাবের জন্য চ্যালেঞ্জ করা উচিত এবং দল সেই লক্ষ্যেই এগিয়ে যাবে।
অপরদিকে, ক্যারিক যে সাফল্যের লক্ষ্যে দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন, গুয়ার্দিওলা কিন্তু বছরের পর বছর ধরে ম্যান সিটিকে ধারাবাহিকভাবে সেই সাফল্য এনে দিয়েছেন। ম্যান সিটি কোচ হিসাবে ১০ বছরে মোট ২০টি বড় ট্রফি জিতেছেন গুয়ার্দিওলা। তাঁর তত্ত্বাবধানেই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে ম্যান সিটি। ১৩২ বছরের ইতিহাসে প্রথমবার ট্রেবল জেতে সিটিজেনরা।
Pep Guardiola, one of the greatest managers in Premier League history, will leave @ManCity at the end of the season. pic.twitter.com/lIC7AgxO7s
— Premier League (@premierleague) May 22, 2026
তবে বিরাট সাফল্যমণ্ডিত এই সফর শেষ করতে চলেছেন স্প্যানিশ কিংবদন্তি কোচ। অবশ্য তিনি কোচ পদ আর না থাকলেও, সিটি ফুটবল গ্রুপের গ্লোবাল অ্যাম্বাসাডর পদে বহাল থাকবেন বলেই ম্যান সিটির প্রধান মালিক পক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে।





















