Real Madrid: হোমটাউন ক্লাব লিভারপুল ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড
Trent Alexander-Arnold: ২০২৫ সালের ১ জুন থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত, ছয় বছরের চুক্তিতে ট্রেন্টকে সই করিয়েছে রিয়াল মাদ্রিদ।

মাদ্রিদ: লিভারপুলের (Liverpool FC) অ্যাকাডেমি থেকে উঠে এসে বিশ্বের দরবারে নিজের প্রতিভায় সকলকে মুগ্ধ করেছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (Trent Alexander-Arnold)। জিতেছেন একাধিক প্রিমিয়ার লিগ, লিগ কাপ, এফ এ কাপ, চ্যাম্পিয়ন্স লিগসহ সমস্ত খেতাব। তবে দিনকয়েক আগেই তিনি ঘোষণা করেছিলেন যে মরশুম শেষেই লিভারপুল ছাড়ছেন। তাঁর পরবর্তী গন্তব্য প্রায় সকলেরই জানা ছিল। এবার তাতে সিলমোহর পড়ল। লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দিলেন ইংল্যান্ডের তারকা ফুলব্যাক।
সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্যমে লিভারপুল থেকে ট্রেন্টকে সই করার কথা জানিয়ে দিল রিয়াল মাদ্রিদ। এ বছরের ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ট্রেন্টের সঙ্গে চুক্তি করল রিয়াল মাদ্রিদ। প্রাথমিকভাবে এ মরশুম শেষেই লিভারপুলের সঙ্গে ২৬ বছর বয়সি ইংল্যান্ড তারকার চুক্তি শেষ হচ্ছিল। তবে সেই চুক্তি অবধি অপেক্ষা করতে হলে আসন্ন ক্লাব ফুটবল বিশ্বকাপে ট্রেন্টের লস ব্লাঙ্কোসের হয়ে খেলা হত না। তাই আগেভাগেই তাঁকে পেতে আগ্রহী ছিল স্পেনের রাজধানীর ক্লাব। সেই মতোই ট্রেন্টকে ৮.৪ মিলিয়ন পাউন্ড ট্রান্সফর বেতন দিয়ে সই করাল রিয়াল। তাঁর মাসিক ১.৬ মিলিয়ন পাউন্ড বেতনও দেবে রিয়াল। অর্থাৎ লিভারপুলকে ট্রেন্টের দল বদলের জন্য মোট ১০ মিলিয়ন পাউন্ড দিচ্ছে রিয়াল মাদ্রিদ।
🤩 #WelcomeTrent 🤩 pic.twitter.com/FkySMnU5cs
— Real Madrid C.F. (@realmadrid) May 30, 2025
লিভারপুলের হয়ে ৩৫০-র অধিক ম্যাচ খেলেছেন ট্রেন্ট। ফুলব্যাক হলেও, তাঁর পাসিং, ক্রসিং দক্ষতা বিশ্ববন্দিত। সেই দক্ষতার দ্বারা প্রভাবিত হয়েই রিয়াল তাঁকে দলে নিল। রিয়ালে তাঁর ইংল্যান্ড সতীর্থ তথা বন্ধু জুড বেলিংহ্যামও খেলেন। ইতিমধ্যেই জুডও ট্রেন্টকে তাঁর নতুন দলে স্বাগত জানিয়েছেন। লস ব্লাঙ্কোসে তাঁর নতুন কোচ হচ্ছেন রিয়াল মাদ্রিদ তথা লিভারপুলের আরেক প্রাক্তনী জাভি আলন্সো।
এতদিন পর্যন্ত মহম্মদ সালাহর সঙ্গে ট্রেন্টে বোঝাপড়া যুগলবন্দিতে মুগ্ধ হয়েছে বিশ্ব ফুটবল। এবার এমবাপে, ভিনিসিয়াস জুনিয়রদের পাস দিতে দেখা যাবে তাঁকে। গত মরশুমে রিয়াল মাদ্রিদ কোনও ট্রফি জিততে পারেনি। নতুন মরশুমে ট্রেন্টের আগমনের পর দলের শক্তি বাড়িয়ে নতুন উদ্যমে আবার খেতাব জিততে ঝাঁপাবে রিয়াল। তার শুরুটা ক্লাব বিশ্বকাপের মাধ্যমেই হতে চলেছে। ১৮ জুন মায়ামিতে ক্লাব ফুটবল বিশ্বকাপে আল হিলালের বিরুদ্ধে ট্রেন্ট নিজের রিয়াল মাদ্রিদ অভিষেক ঘটাতে পারেন।






















