Indian Football: ভারত-ব্রাজ়িল লড়াই মাঠে বসে দেখলেন, মেসি-ম্যাচে প্রতারিতদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
India vs Brazil: বিনা ঝঞ্ঝাটে ভারত বনাম ব্রাজ়িল ম্যাচ সম্পন্ন হওয়ার পর শুভেন্দু বললেন, এটাই আসল পরিবর্তন।

সন্দীপ সরকার, কলকাতা: ফের যুবভারতী স্টেডিয়াম। ফের এক হাইভোল্টেজ মুহূর্ত।
গত বছরের ডিসেম্বর মাসে লিওনেল মেসির কলকাতা সফরের সময় যুবভারতী স্টেডিয়ামে বেনজির বিশৃঙ্খলা হয়েছিল। মেসিকে দেখতে না পেয়ে ক্ষিপ্ত জনতা ভাঙচুর চালিয়েছিল গ্যালারিতে। গ্রেফতার করা হয়েছিল আয়োজক শতদ্রু দত্তকে।
তারপর রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। বদল এসেছে যুবভারতী স্টেডিয়ামেও। ভাঙা গ্যালারি মেরামত করা হয়েছে। নীল-সাদা রংয়ের পরিবর্তে এখন রেলিংয়ে, কিংবা গেটে গেরুয়া রংয়ের পোঁচ। স্টেডিয়ামের মূল প্রবেশপথের পাশে দুই পায়ে দুটি ফুটবল নিয়ে বিশালাকার মূর্তিটি ভেঙে সরিয়ে ফেলা হয়েছে। দর্শকাসনে বসানো হয়েছে তেরঙা চেয়ার।
তারপর ফের এক মেগাম্যাচ আয়োজিত হল সল্ট লেক স্টেডিয়ামে। ভারতের বিরুদ্ধে যে ঐতিহাসিক ম্যাচে খেলল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল। শনিবার যুবভারতী স্টেডিয়ামে নির্বিঘ্নেই মিটল ভারত-ব্রাজ়িল ম্যাচ। যে ম্যাচ দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিনেতা মিঠুন চক্রবর্তী, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে বসে খেলা দেখলেন মুখ্যমন্ত্রী।
বিনা ঝঞ্ঝাটে ভারত বনাম ব্রাজ়িল ম্যাচ সম্পন্ন হওয়ার পর শুভেন্দু বললেন, এটাই আসল পরিবর্তন। মেসিকাণ্ডের প্রসঙ্গ তুলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। বললেন, "আমরা অনেক সাবধানে ম্যাচের আয়োজন করেছিলাম। ফিফার পুরো নিয়ম মেনে হয়েছে। মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী থেকে পুলিশ কর্তা বা কনস্টেবল, কেউ সেলফি তোলার চেষ্টা করেননি। যুবভারতীতে বিশৃঙ্খলা এড়াতে ২০ হাজার আসন ফাঁকা রাখা হয়েছিল।"
এরপরই শুভেন্দু বলেন, "মেসি ম্যাচে প্রতারিতদের উরুগুয়ে ম্যাচের জন্য ফ্রিতে টিকিট দেওয়া হবে। যাঁরা প্রতারিত হয়েছিলেন, ৬ তারিখ ভারত-উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট পাবেন। মেসি ম্যাচে প্রতারিত ২২ হাজার জনকে উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট দেওয়া হবে।"
যুবভারতীতে ভারত-ব্রাজিল ম্যাচের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, "আমি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দেব। সেখানে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে। সেখানে সব পাঠালেই ৬ অক্টোবর ভারত বনাম উরুগুয়ে ম্যাচের ফ্রি টিকিট দেওয়া হবে।"
ম্যাচের শেষে মুখ্যমন্ত্রী জানালেন, মেসি-কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে ২০ হাজার টিকিট কম বিক্রি করা হয়েছিল। অভিনেতা মিঠুন চক্রবর্তী, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে বসে খেলা দেখলেন মুখ্যমন্ত্রী। ম্যাচের শেষে মাঠ ছেড়ে বেরনোর সময় তিনি বললেন, 'আমরা ২০ হাজার আসন ফাঁকা রেখেছিলাম, যাতে বিশৃঙ্খলা না হয়। আমাদের কোনও নেতা-মন্ত্রী বা প্রশাসনিক কর্তা সেলফি তোলার চেষ্টা করেনি। মেসি কাণ্ড আর হতে দেব না, এ নিয়ে বদ্ধপরিকর ছিলাম আমরা। সেই কারণেই ৫১ হাজার আসনে দর্শক ছিলেন, আর ২০ হাজার টিকিট ছাড়া হয়নি।'






















