T20 World Cup 2026 Super 8s : সুপার ৮-এ ভারতের ৩ ম্যাচ কোন কোন দলের বিরুদ্ধে ?
Indian Cricket Team : আগামীকাল আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলবেন সূর্যকুমাররা।

রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়াম পাকিস্তানকে ৬১ রানে পরাস্ত করেছে ভারত। এই জয়ের সঙ্গে সঙ্গে গ্রুপ এ থেকে প্রথম দল হিসাবে টি২০ বিশ্বকাপের সুপার ৮-এ উঠে গেছে সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন দল। কিন্তু, সুপার ৮-এ ভারত কাদের মুখোমুখি হচ্ছে ? এনিয়ে কৌতূহল ছিল ভারতীয় ক্রিকেট-প্রেমীদের মধ্যে। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গে সুপার এইটের টিকিট পাকা করে নিয়েছে জিম্বাবোয়ে। তারপরেই নিশ্চিত হয়ে গেছে সুপার এইটে ভারতের প্রতিদ্বন্দ্বীদের নাম। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও দুই বারে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার এইটে খেলবে টিম ইন্ডিয়া। টি২০ বিশ্বকাপে খেলা এ পর্যন্ত তিন ম্যাচেই জয়লাভ করেছে ভারত। আগামীকাল আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে চতুর্থ ম্যাচ খেলবেন সূর্যকুমাররা।
ভারতের সুপার ৮-এর খেলা কবে কবে ?
২২ ফেব্রুয়ারি আমদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার ৮-এর প্রথম ম্যাচ খেলবে ভারত। ভারতীয় সময় সন্ধে ৭টায় শুরু হবে খেলা। সুপার ৮-এর পরবর্তী ম্যাচে ভারতের প্রতিদ্বন্দ্বী হবে জিম্বাবোয়ে। ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এই পর্বে ভারতের তৃতীয় তথা শেষ ম্যাচটি হবে ১ মার্চ, রবিবার। কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে সূর্যকুমার বাহিনী। সেমিফাইনালে ওঠার জন্য ভারতকে অন্তত দুটো ম্যাচ মার্জিন নিয়ে জিততে হবে।
গত রবিবার হাই-ভোল্টেজ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ফের হারিয়েছে ভারত। কলম্বোয় জয়লাভের সঙ্গে সঙ্গে টি২০ বিশ্বকাপে জয়ের নিরিখে ৮-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ভারতের বিরুদ্ধে প্রথমে টি-২০ বিশ্বকাপে খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাতিল করার প্রতিবাদে। যদিও পরে আইসিসি-র চাপে পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়। তবে বয়কটের রাস্তা থেকে সরে নাক কাটা যায় পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে বিপর্যস্ত হয় পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে কলম্বোয় ৬১ রানে পরাজয় হজম করতে হয় সলমন আলি আঘা, বাবর আজমদের। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ৮-১ এগিয়ে গেছে ভারত।
কলম্বোয় বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে কৌশলগত চমক দিয়েছিলেন সলমন আঘা। ২০ ওভারে ভারত তোলে ১৭৫/৭। আইসিসি আয়োজিত কোনও টি-২০ টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচে এটাই দলগত সর্বোচ্চ স্কোর। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।























