T20 World Cup Match : ২০২৪-এর ফাইনালও এত মানুষ দেখেননি, ভিউয়ারশিপে টি২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নজির গড়ল !
T20 World Cup 2026 : চির প্রতিদ্বন্দ্বী দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো।

ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan Match) আকর্ষণ নতুন কিছু নয়। চির প্রতিদ্বন্দ্বী দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, কার্যত রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়। এর পাশাপাশি, যারা মাঠে উপস্থিত থাকতে পারেন না তাঁদের অনেকেই হয় টিভির পর্দায়, নয়ত অন্য প্ল্যাটফর্মে চোখ রাখেন। যে সংখ্যাটাও বিস্ময়কর। সাম্প্রতিক তথ্যও সেই ইঙ্গিতই দিচ্ছে। আইসিসি টি২০ বিশ্বকাপ (পুরুষ) ২০২৬-এর অফিসিয়াল ডিজিটাল ও ব্রডকাস্ট পার্টনার জিওস্টার ঘোষণা করেছে, JioHotstar-এ ভারত-পাকিস্তান ম্যাচ রিচ ও কনসাম্পশনের দিক থেকে কার্যত ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। সংশ্লিষ্ট ম্যাচের ডিজিটাল রিচ ছিল- ১৬৩ মিলিয়ন। আইসিসি ইভেন্টের টি২০ ফর্ম্যাটে সবথেকে বেশি সংখ্যক মানুষ দেখলেন কোনও ম্যাচ। এমনকী ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২০২৪ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের ভিউয়ারশিপের চেয়েও যা বেশি। T20 World Cup 2026
ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপে খেলবে না বলে জানিয়েছিল পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাতিল করার প্রতিবাদে। যদিও পরে আইসিসি-র চাপে পিছু হঠতে বাধ্য হয় পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়। তবে বয়কটের রাস্তা থেকে সরে নাক কাটা গেছে পাকিস্তানের। ভারতের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে বিপর্যস্ত হয় পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে কলম্বোয় ৬১ রানে পরাজয় হজম করতে হল সলমন আলি আঘা, বাবর আজমদের। সেই সঙ্গে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ৮-১ এগিয়ে গেছে ভারত।
কলম্বোয় বিশ্বকাপের ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে কৌশলগত চমক দিয়েছিলেন সলমন আঘা। নিজেই প্রথম ওভার বল করতে এসে ঘূর্ণিতে তুলে নিয়েছিলেন অভিষেক শর্মাকে। কোনও রান না করে ফিরেছিলেন টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর ব্যাটার। কিন্তু পাল্টা মারের রাস্তা নেন ঈশান কিষাণ। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি। ৪০ বলে ৭৭ রান করে পাকিস্তান বোলারদের আতঙ্ক হয়ে ওঠেন ঝাড়খণ্ডের তরুণ। ভারতকে আটকাতে ছয় স্পিনার ব্যবহার করেছিল পাকিস্তান। এর আগে টি-২০ বিশ্বকাপে কোনও দল ছয় স্পিনারকে ব্যবহার করেনি। সেদিক থেকে নজির গড়ল পাকিস্তান। পাক স্পিনাররা উইকেট তুললেও, রেকর্ড গড়ল ভারতও। ২০ ওভারে ভারত তোলে ১৭৫/৭। আইসিসি আয়োজিত কোনও টি-২০ টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচে এটাই দলগত সর্বোচ্চ স্কোর। রেকর্ড রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১১৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।























