IPL 2026: ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নয়, বড় ভূমিকায় রোহিতকে আইপিএলে দেখতে চান ভাজ্জি
Harbhajan On Rohit: টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার সূর্যকুমার, হার্দিক, বুমরারা নতুন লক্ষ্যে মাঠে নামতে চলেছেন। আর এ সবের মাঝেই যার দিকে নজর থাকবে তিনি রোহিত শর্মা।

মুম্বই: আইপিএলের (IPL 2026) দামামা বেজে গিয়েছে। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই তাদের প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে পুরোদমে। মুম্বই ইন্ডিয়ান্সও নেমে পড়েছে মাঠে। টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার সূর্যকুমার, হার্দিক, বুমরারা নতুন লক্ষ্যে মাঠে নামতে চলেছেন। আর এ সবের মাঝেই যার দিকে নজর থাকবে তিনি রোহিত শর্মা। মুম্বই ইন্ডিনান্সের সবচেয়ে সফল অধিনায়ক। যাঁর অধিনায়কত্বে পাঁচবার আইপিএল জিতেছিল পল্টনরা। তবে ৩৭ পেরিয়ে যাওয়া রোহিত আর মুম্বই দলের ক্যাপ্টেন নন। হার্দিক পাণ্ড্য এখন দায়িত্ব সামলাচ্ছেন। গত মরশুমেও দেখ গিয়েছে শুধুমাত্র ব্যাটিং করতেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন রোহিত। এবারও কি তাইই হবে? তেমনটা চাইছেন না হরভজন সিংহ।
ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের অন্য়তম সেরা অফস্পিনার মনে করেন যে রোহিতের মত ক্রিকেটারকে পুরো ম্য়াচেই মাঠে থাকা প্রয়োজন। জিও হটস্টারকে দেওয়া সাক্ষাৎকারে ভাজ্জি জানিয়েছেন, ''রোহিত শর্মাকে আমরা দেখেছি মুম্বই ইন্ডিয়ান্সের ১২ তম প্লেয়ার হিসেবে খেলতে আগের মরশুমে। শুধুমাত্র ব্যাট করতেই নামছে ও। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হচ্ছে ওকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি রোহিত যে মাপের লিডার, ওকে গোটা ম্য়াচেই মাঠে থাকা উচিৎ। ওঁর ক্রিকেটীয় ভাবনা চিন্তা, গেমপ্ল্যানকে ব্যবহার করা উচিৎ টিম ম্যানেজমেন্টের।''
টার্বুনেটর আরও বলছেন, ''ম্যাচে অনেক কঠিন পরিস্থিতি আসে। সেই সময় অনেক কড়া সিদ্ধান্ত বা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে রোহিতের অভিজ্ঞতা হার্দিকের জন্যও অনেক কাজে লাগবে। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রোহিত হার্দিককে সাহায্য করত পারবে।''
গত মরশুমে রোহিত ১৫ ম্য়াচ খেলেছিলেন। ৪১৮ রান ঝুলিতে পুরেছিলেন। ২৯.৮৬ গড়ে ব্যাটিং করেছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৪৯.২৯। সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। চারটি অর্ধশতরান করেছিলেন হিটম্যান। এছাড়াও গত মরশুমেই তিনি নিজের আইপিএল কেরিয়ারে সাত হাজার রান পূর্ণ করে ফেলেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে বিশেষ করে আইপিএলে রোহিতের ব্যাটিং ফর্ম চর্চার কেন্দ্রে উঠে এসেছে। তিনি বিগত ১২ মরশুমের মধ্যে একটিতেও ৫০০ রানে গণ্ডি পার করতে পারেননি হিটম্য়ান।
জানা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স ক্যাপ্টেন হার্দিক পাণ্ড্য ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন রোহিত এ মরশুমেও পারফর্ম করতে না পারলে, তা সহ্য করা ববে না। মুম্বই ইন্ডিয়ান্স বিগত ১০-১২ বছরে রোহিতের পারফরম্যান্সে বিরক্ত, কারণ তিনি সর্বোচ্চ বেতন প্রাপকদের অন্যতম হলেও, প্রায়শই মরশুমে ২০০-৩০০ রান করেছেন, তাও মাত্র ১২০ স্ট্রাইক রেটে। তাই এবার কিন্তু রোহিতকে পারফর্ম করতেই হবে।



















