Chennai Super Kings: ফের চোটের ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন আরও এক সিএসকে তারকা
IPL 2026: ডান উরুর চোটের কারণে আর বাকি আইপিএলে খেলতে পারবেন না জেমি ওভারটন।

চেন্নাই: চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) চলতি আইপিএল মরশুম (IPL 2026) বারংবার চোট আঘাত দ্বারা অবরুদ্ধ হয়েছে। ন্যাথান এলিস, খলিল আমেদ, আয়ুষ মাত্রেরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। স্পেনসর জনসন, মহেন্দ্র সিংহ ধোনিরা তো এখনও পর্যন্ত একটি ম্যাচও খেলেননি। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক ক্রিকেটার। হলুদ ব্রিগেডের ইংরেজ ক্রিকেটার জেমি ওভারটন (Jamie Overton) টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন।
ডান উরুর চোটের কারণে আর বাকি আইপিএলে খেলতে পারবেন না ওভারটন। তিনি দেশে ফিরছেন এবং সেখানেই তাঁর চোট কতটা গুরুতর সেই বিষয়টা খতিয়ে দেখা হবে এবং চোট সারিয়ে তোলার পরবর্তী ধাপও শুরু হবে। ওভারটনের টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া নিঃসন্দেহেই সিএসকের জন্য বড় ধাক্কা। ইংরেজ ক্রিকেটার এ মরশুমের একাধিক ম্যাচে লোয়ার অর্ডারে সিএসকের হয়ে ভাল ব্যাটিং তো করেইছেন, পাশাপাশি ১৭.৭৮ গড়ে হলুদ ব্রিগেডের হয়ে দ্বিতীয় সর্বাধিক ১৪টি উইকেটও নিয়েছেন। তবে ইতিমধ্যেই ওভারটনের বদলি ক্রিকেটারের নামও ঘোষণা করে দিয়েছে সিএসকে। ওভারটনের বদলে প্রোটিয়া ক্রিকেটার ডিয়ান ফরেস্টারকে (Dian Forrester) দলে নিয়েছে সিএসকে। প্রাথমিক ৭৫ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে হলুদ ব্রিগেড।
Official Announcement
— Chennai Super Kings (@ChennaiIPL) May 14, 2026
Powering up the pride from 🇿🇦
Welcome aboard, Dian Forrester! 💛
Note: Dian Forrester joins the squad in place of Jamie Overton.#WhistlePodu pic.twitter.com/cHYsZbMIUo
ওভারটনের মতো ফরেস্টারও একজন অলরাউন্ডার। তিনি সদ্যই এ বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নিজের অভিষেক ঘটিয়েছিলেন। পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফরেস্টার ৮৩ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৫-র অধিক গড়ে ২৫ বছর বয়সি অলরাউন্ডারের জন্য হাজারের অধিক রান রয়েছে। লিস্ট 'এ' ক্রিকেটেও তাঁর গড় ৫০-র বেশি। টি-টোয়েন্টিতে ফরেস্টার ১৪০-র অধিক স্ট্রাইক রেটে রান করেন। সম্প্রতি তিনি পিএসএলে রাওয়ালপিন্ডিসের হয়ে খেলেছেন।
তবে তার আগে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগেও খেলেছেন ফরেস্টার। সেখানে সুপার কিংসেরই আরেক ফ্র্যাঞ্চাইজ়ি জোবার্গ সুপার কিংসের হয়ে বেশ ভাল পারফর্ম করেছিলেন ফরেস্টার। ব্যাটে ৫৮-র অধিক গড় ও ১৬৫-র বেশি স্ট্রাইক রেটে রান করেছিলেন এই বাঁ-হাতি ক্রিকেটার। সেখানে ভাল পারফর্ম করার সুবাদেই এবার হলুদ ব্রিগেডের আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িতে খেলার সুযোগ পেলেন তিনি।
আরও পড়ুন:- চার জয়ের পর আরসিবির বিরুদ্ধে হতাশাজনক হারের ফলে কি প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কেকেআর?



















