IPL 2026: বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার নিয়েই গুজরাত টাইটান্সের ক্যাম্পে যোগ দিলেন গিল
Gujrat Titans: নির্বাচনের জন্য আপাতত প্রথম ২০টি ম্য়াচের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। সেই সূচিতে দেখা যাচ্ছে গুজরাত টাইটান্সের প্রথম ম্য়াচ আগামী ৩১ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধে।

আমদাবাদ: বিসিসিআইয়ের (BCCCI) গত মরশুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন শুভমন গিল (Shubhman Gill)। ২০২৫ সালের সেরা ক্রিকেটারের তকমা পেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। এরপরই আইপিএলের (IPL 2026) প্রস্তুতিতে গুজরাত টাইটান্স (Gujrat Titans) শিবিরে যোগ দিলেন গিল। নির্বাচনের জন্য আপাতত প্রথম ২০টি ম্য়াচের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। সেই সূচিতে দেখা যাচ্ছে গুজরাত টাইটান্সের প্রথম ম্য়াচ আগামী ৩১ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধে। অ্য়াওয়ে ম্য়াচ দিয়েই আইপিএল অভিযান শুরু করছে গুজরাত টাইটান্স।
গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন হিসেবে শুভমন গিল গত কয়েক বছর ধরেই দায়িত্ব সামলাচ্ছেন। ৪ এপ্রিল আমদাবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে গুজরাত শিবির। সেটিই হবে গিলদের প্রথম হোম ম্য়াচ। এরপর ৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ও ১২ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অ্য়াওয়ে ম্য়াচে খেলতে নামবে গুজরাত টাইটান্স।
২০২২ সালে গুজরাত টাইটান্স আইপিএলে জিতেছিল। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে খেতাব জিতেছিল গুজরাত। হার্দিক মুম্বই শিবিরে যোগ দেওয়ার পরই গুজরাত শিবিরের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেন শুভমন গিল। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে গুজরাত ফ্র্যাঞ্চাইজ়ির তরফে জানানো হয় যে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন, তথা আইপিএল চ্যাম্পিয়ন ম্যাথু হেডেন দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসাবে যোগ দিচ্ছেন। অতীতে হেডেন চেন্নাই সুপার কিংসের হয়ে ৩২টি আইপিএল ম্যাচ খেলেছেন। ৩৬.৯০ গড়ে ১১০৭ রান করেছেন তিনি। আটটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২৭২টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও খেলেছেন বাঁ-হাতি ক্রিকেটার। জিতেছেন একাধিক বিশ্বকাপ। এবার তাঁকে দলের সঙ্গে যুক্ত করে কোচিং স্টাফের শক্তি বাড়াল গুজরাত।
দলের টিম ডিরেক্টর বিক্রম সোলাঙ্কি এই বিষয়ে বলেছেন, ''ম্যাথুর নিয়োগটা আমাদের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ সময়ে করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজ়ি হিসাবে আমরা দীর্ঘ সাফল্য এবং উচ্চ গুণগত মান বজায় রাখতে চাই এবং সেই কারণেই আমাদের ক্রিকেটীয় ইকোসিস্টেমের শক্তি বাড়াতেও আমরা তৎপর। সর্বোচ্চ স্তরে ওঁর অভিজ্ঞতা এবং তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার ওঁর দক্ষতা এই মরশুমে আমাদের ব্যাটিংয়ের পরিচয় গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।''
দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার জন্য আপাতত ২০টি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। ইতিমধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। তাই আশা করা হচ্ছে দ্রুত বিসিসিআই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দেবে।



















