Gareth Southgate: ইডেনে বসেই ক্রিকেট প্রেমের স্মৃতিচারণা, সাউথগেটের মুখে গাওস্কর-কপিলদেব
IPL 2025: ২০১৬ থেকে ২০২৪ - দীর্ঘ ৮ বছর গ্যারেথ সাউথগেট ছিলেন ইংল্যান্ড ফুটবল দলের কোচ। তাঁর আমলে পরপর দু'বার - ২০২০ ও ২০২৪ সালে ইউরো কাপের ফাইনালে খেলে ইংল্যান্ড।

কলকাতা: সুদূর ইংল্য়ান্ড থেকে শহরে এসেছিলেন ক্রিকেটের স্বাদ চেখে দেখতে। রাজস্থান রয়্যালসের জার্সিতে ভিআইপি বক্সে বসে কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্য়াচ দেখেছিলেন। তিনি ইংল্যান্ড ফুটবল ক্রিকেট দলের প্রাক্তন কোচ গ্যারেথ সাউথগেট। হ্যারি কেনদের প্রাক্তন কোচ ২২ গজের লড়াই উপভোগ করতে করতে যেন ফিরে গেলেন তাঁর ছোটবেলায়। ক্রিকেটের প্রতি নিজের ভালবাসার কথাও উল্লেখ করেছেন সাউথগেট।
কেকেআর-রাজস্থান ম্য়াচ দেখার ফাঁকেই সাউথগেট জানালেন, ''ছোট থেকেই ক্রিকেটের প্রতি একটা আগ্রহ ছিল। যখন ছোট ছিলাম তখন দিনের পর দিন টেস্ট ম্য়াচ দেখতাম। আমি সেই সময়ের কথা বলছি যখন সুনীল গাওস্কর, কপিল দেবরা খেলতেন। অনেক প্লেয়ারের সঙ্গে পরিচিতি হয়েছিল নিজের খেলার সময়কালে। এমনকী ইংল্যান্ডের অনেক প্লেয়ারের সঙ্গে সাম্প্রতিক সময়েও পরিচিতি হয়েছে। গত বছর বেন স্টোকস এসেছিল আমাদের ইংল্যান্ড ফুটবল দলের সঙ্গে দেখা করতে। এমন অনেক কোচ ও প্লেয়ারের সঙ্গে দেখা করলে অনেক বিষয় সম্পর্কে জানা যায়। খেলার সম্পর্কে জ্ঞান বাড়ে।'' রাজস্থান রয়্য়ালসের সোশ্য়াল মিডিয়ায় ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। সেখানেই সাউথগেটের এই বক্তব্য তুলে ধরা হয়েছে।
সাউথগেট আরও বলেন, ''এটা আমার কাছে একটা অসাধারণ অনুভূতি। প্রথমবার ভারতে এসেছিলাম। আর প্রথমবারেই ভারতে এসে দারুণ লাগল। এখানকার আতিথেয়তার কথা আলাদা করে বলতেই হবে। অনেক সময় নিজের খেলার বাইরের খেলার সঙ্গে পরিচিত হতেও ভাল লাগে। সেখানকার মানুষজনের সঙ্গে পরিচিতি হতে ভাল লাগে। আমি সবরকম খেলা ভালবাসি। তাই চেয়েছিলাম ক্রিকেট উপভোগ করতে।''
View this post on Instagram
উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২৪ - দীর্ঘ ৮ বছর তিনি ছিলেন ইংল্যান্ড ফুটবল দলের কোচ। তাঁর আমলে পরপর দু'বার - ২০২০ ও ২০২৪ সালে ইউরো কাপের ফাইনালে খেলে ইংল্যান্ড। ২০১৮ সালে ইংরেজদের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালেও তুলেছিলেন। থ্রি লায়ন্সের হয়ে ৫৭ ম্য়াচে ২টি গোলও রয়েছে প্রাক্তন এই ব্রিটিশ ফুটবলারের।
এদিকে রাজস্থানের বিরুদ্ধে রবিবার রুদ্ধশ্বাস ম্য়াচে ১ রানে জয় ছিনিয়ে নিয়েছিল কেকেআর। যার ফলে প্লে অফের দৌড়ে ভেসে রইল নাইট শিবির। যদিও বাকি তিন ম্য়াচেও জিততেই হবে। আর বড় ব্যবধানেই জিততে হবে। তবে একমাত্র প্লে অফের দরজা খুলতে পারে কেকেআরের জন্য।



















